দুই দিনে দুই বার,বছরে তিন বার লিটন মল্লিকের বদলী

বছরে তিনবার নিজের পছন্দ মতো বদলি হলেন বিতর্কিত উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক।

তাকে খুশি করতে দুই দিনে দুবার বদলির প্রজ্ঞাপন জারী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের দুইটি বদলির আদেশ ঘিরে দিনদিন বাড়ছে রহস্য। অর্থ আত্মসাৎ,অবৈধ নিয়োগসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিকের পরপর দুইটি বদলীর প্রজ্ঞাপন নিয়ে তোলপাড় শুরু হয়েছে খোদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও গণপূর্ত ভবনে।

গত তিন দিন ধরে টক অব দ্যা টাউন হয়েছে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিকের এক বছরে নিজদের পছন্দমতো তিনবার এই বদলির ঘটনাগুলো।
এই বছর আগস্টে মাসের ৩০ তারিখে প্রথমে তাকে গণপূর্ত ই/এম বিভাগ-৮,ঢাকা, থেকে পদলি করা হয় গণপূর্ত ই/এম বিভাগ-২, ঢাকা তে। কিন্তু তাঁর এই বদলির আদেশ কার্যকর না হতে হতেই এই আদেশটি বাতিল করে ৩১ শে আগস্টে আরেকটি নতুন প্রজ্ঞাপন জারি করে লিটন মল্লিককে আবার বদলি করা হয় গণপূর্ত ই/এম বিভাগ-৬, ঢাকা তে।

বিভিন্ন কারনে বদলীর জন্য বছরের পরে চেষ্টা তদবির করেও অনেক সৎ কর্মকর্তা বদলি হতে পারছে না। কিন্তু কি এক অদৃশ্য ক্ষমতা বলে বিতর্কিত এই উপ-সহকারী প্রকৌশলীকে খুশি করতে দুই দিনে দুইটি বদলির আদেশ দিয়ে পুরুস্কিত করা হলো, সেটা নিয়েই চলছে গত দুই দিন ধরে আলোচনা সমালোচনা।
এর আগে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ থাকা স্বত্বেও থাকে প্রাইজ পোস্টিং হিসাবে উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত ই/এম,উপ বিভাগ-১, খুলনা থেকে মাত্র ১০ মাস আগে বদলি হয়ে ঢাকা আসেন তিনি। এভাবে এক বছরে পরপর তিনটি বদলির আদেশ করিয়ে ফেলেন এই প্রতাপশালী উপ-সহকারী প্রকৌশলী লিটন।

উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিকের বিরুদ্বে অর্থ আত্মসাৎ করার অভিযোগে খুলনা জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট এস এম আবু রাসেল তাঁর মক্কেল খুলনা শহরের ফারাজী পাড়া রোডের মোঃ নরুল ইসলামের ছেলে মোঃ মাহবুবের পক্ষে উকিল নোটিশ প্রেরণ করেছিলেন।
উকিল নোটিশ সূত্রে জানা গেছে বাদী মাহবুব এবং উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক পুর্ব পরিচিত। মাহবুবের কাছে থেকে এককালীন ৩ লক্ষ টাকা ধার নেন উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক। মাহবুব টাকা চাইলে উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক ২০২১ সালের অক্টবোর মাসের ১৪ তারিখে তাঁর নিজ নামীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খান জাহান আলী রোড শাখার হিসাব নং ০৬১৩২০১০০০০২৩৫১৯ একাউন্টের এসবি নং ১১৪৮৬৩২ চেক প্রদান করেন। কিন্তু চেকটি নগদায়ন করতে গেলে দেখা যায় উক্ত ব্যাংক একাউন্টে পর্যাপ্ত টাকা নেই।
পরে প্রতারিত মাহবুব ২০২১ সালের অক্টবোর মাসের ২৮ তারিখে আবারো চেকটি নগদায়ন করতে গেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খান জাহান আলী রোড শাখায় গেলে জানানো হয় এখনো পর্যাপ্ত টাকা নেই।
এমন পরিস্থিতে ডাকযোগে এবং পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয় উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিকের বিরুদ্বে।
এর আগে ২০২০ সালের জুলাই মাসের ২৮ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খুলনা জেলার ডুমুরিয়া থানার হরলাল ঢালির ছেলে শুভ ঢালীকে মাসিক ১০,৫০০ টাকা বেতনে নিয়োগের জন্য লিখিতভাবে সুপারিশ করেছিলেন।
এই বিষয়ে যোগাযোগ করা হলে উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিকের সাথে যোগাযোগ করে ফোনে পাওয়া যায়নি।
