বাউফল উপজেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দক্ষ প্রকৌশলী তৈরি, প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউফল উপজেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (BUDEA) ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রকৌশলী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি। বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত উৎকর্ষ সাধন এবং দক্ষ মানবসম্পদ তৈরি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দেশের কারিগরি ও প্রকৌশল খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহা. জহিরুল আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুটি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।
এ ছাড়া সম্মেলনে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীদের আরও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
