সন্দ্বীপের প্রবীণ রাজনীতিবিদ মাষ্টার শাহজাহান বিএ’র ইন্তেকাল : গভীর শোক ও শ্রদ্ধা

সন্দ্বীপের ৩বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার শাহজাহান বিএ আর নেই। ইন্না-লিল্লাহে ...রাজেউন। সন্দ্বীপবাসীর জন্য সারাজীবন কাজ করা এই বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। দীর্ঘদিন বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বহুমুখী জনকল্যাণমূলক কাজ করে গেছেন। ১৯৭৯ সালে তিনি একবার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনও করেন। কিছুদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধানমন্ত্রী শোক: মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই প্রবীণ রাজনীতিবিদ মাষ্টার শাহজাহান বিএ’র মৃত্যৃতে গভীর শোক ও শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ওবায়দুল কাদেরের শোক: মাষ্টার শাহজাহান বিএ’র মৃত্যৃতে এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুনগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মাহফুজুর রহমান মিতা এমপি’র শোক: পৃথক এক শোক বার্তায় সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা মাষ্টার শাহজাহান বিএ এর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আমরা একজন অভিভাবক হারালাম। তাঁর মৃত্যুতে সন্দ্বীপ আ’লীগ তথা সন্দ্বীপবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন দূর্দিনের কান্ডারি ও জনগণের পরম বন্ধু।
এছাড়াও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা.এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।তাঁরা গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় মরহুমের রেখে যাওয়া কর্মজীবন স্মরণ করেছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার বেলা ১১ টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর ঢাকার কাকরাইলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রাতেই তাঁর লাশ চট্টগ্রামে এসে পোঁছায়। রাত দশটায় চট্টগ্রামের হালিশহর বিডিআর মাঠে তাঁর ২য় জানাজা এবং আজ সকাল ৯ টায় সন্দ্বীপ উপজেলা মাঠে এবং বেলা ১১ টায় সন্দ্বীপ পৌরসভার ৫ নং ওয়ার্ডে নিজ বাড়ির পাশে তাঁরই প্রতিষ্ঠিত আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
