বারহাট্টায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

   বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬ ১৯:৪০:৩৮

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় ও বালাম মাদ্রাসায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, "মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।" তারা শিক্ষার্থীদের মাদকের প্রলোভন থেকে দূরে থেকে লেখাপড়া, খেলাধুলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম। তিনি বলেন, "মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।"

এ সময় আরও উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, চিরাম তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হুসেন, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

ক্যাম্পেইনের শেষে শিক্ষার্থীরা মাদককে "না" বলার শপথ গ্রহণ করেন এবং নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতন ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

জেএএ