আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা দলবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের প্রধান কার্যালয়ে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, ঘটনার সময় পরিচালক অধ্যাপক কাজী আহমেদ নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন। এরপর তারা তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন।
এ ঘটনা স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ কী দোষ- জানতে চাইলে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে অধ্যাপক কাজী আহমেদ কীভাবে সাবেক পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজ অফিসে বৈঠক করেন?এ বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি জানান, তিনি এ ঘটনায় প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।
