অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের হিসাব রক্ষক শেখ নাসির উদ্দিন 

রফিকুল ইসলাম কচি
রফিকুল ইসলাম কচি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩ ২০:০৭:৪৭  আপডেট :  ডিসেম্বর ৫, ২০২৩ ২০:০৮:০৯

শেখ নাসির উদ্দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১৫ বছর  যাবৎ হিসাব রক্ষক হিসেবে কাজ করে আসছেন। এরই মধ্যে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা সহ বিভিন্ন  জেলা শহরে রয়েছে একাধিক বহুতল ভবন। রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি,  ঔষধ বাণিজ্য, হাসপাতালে অবৈধ পন্থায় রোগীদের চিকিৎসা,টাকার বিনিময়ে সিট বরাদ্দ, তার স্ত্রীর নামে ঠিকাদারি লাইসেন্স নিয়ে হাসপাতালে রমরমা সাপ্লাই বাণিজ্য, বিভিন্ন বেসরকারি  হাসপাতালে রোগী  পাঠিয়ে প্যাথলজিক্যাল টেস্ট করিয়ে তা থেকে কমিশন আদায়সহ নানা অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে।

তথ্যসূত্রে উঠে আসে,  শেখ নাসির উদ্দিনের গ্রামের বাড়ি খুলনা, বর্তমানে তিনি মিরপুরে স্ত্রীর নামে  তিনটি ফ্ল্যাট ক্রয় করে বসবাস করছেন। উত্তরা ১২ নম্বর সেক্টরে স্ত্রীর নামে  রয়েছে আটতলা বিশিষ্ট একটি বাড়ি। ঢাকার দারুস সালাম থানার অন্তর্গত তার স্ত্রীর নামে রয়েছে সাত তলা বিশিষ্ট একটি ভবন, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা,  খুলনায় খান জাহান আলী রোডে ১০ কাঠা জমির উপর ষষ্ঠ তলা একটি বাড়ি নির্মাণ করেন, যার নির্মাণ ব্যয় ১৪ কোটি টাকা প্রায়।

সাভার বিরুলিয়াতে রয়েছে প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি। গাজীপুর কাশিমপুরে রয়েছে কয়েক কোটি টাকার সম্পদ। উক্ত বিষয়ে শেখ নাসির উদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে  বারবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। পরপর তিনদিন  দীর্ঘ সময় বসে থাকার পরও তাকে অফিসে পাওয়া যায়নি। একাধিকবার তার মুঠো ফোনে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। পক্ষান্তরে শেখ নাসির উদ্দিন বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সম্পাদক দ্বারা প্রতিবেদককে ফোন করিয়ে ভয়-ভীতি প্রদর্শন করছেন।