যখন অযোগ্যদের শাসন বা “কাকিস্টোক্রেসি” (Kakistocracy) মাথাচাড়া দিয়ে ওঠে, তখন জাতি ধ্বংস হয়ে যায়

বিশ্বজুড়ে দুর্নীতি, স্বজনপ্রীতি, nepotism (স্বজনপ্রীতি), বৈষম্য এবং অবিচারের কারণে পৃথিবীর বিভিন্ন দেশের বঞ্চিত, নিপীড়িত ও পরাভূত নাগরিক ও জনগণের মধ্যে একটি সাধারণ ক্ষোভ রয়েছে। রিপাবলিকান পার্টির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিশাল পরাজয় হলো এর একটি জ্বলন্ত উদাহরণ।
এ পরাজয়ের কারণ হিসেবে অনেক চিন্তাবিদ মনে করেন যে, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ছাড়াও, ট্রাম্পের প্রশাসন এমন কিছু মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উচ্চ পর্যায়ে নিয়োগ দিয়েছিল যাদের দক্ষতা, নৈতিক এবং মূল্যবোধের চরম অভাব ছিল—যা তাঁদের একটি বিশাল দুর্বলতা হিসেবে দেখা দিয়েছে।
“কাকিস্টোক্রেসির” অন্তর্নিহিত রূপগুলোর মধ্যে রয়েছে- ক্লেপ্টোক্রেসি (Kleptocracy) (চুরি, ঘুষ), হিউমিলিওক্রেসি (Humiliocracy) জনসাধারণ বা নাগরিকদের সামগ্রিক মর্যাদা ক্ষুণ্ণ করা—এগুলো সবই ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক কাজ। রাজনীতিতে ক্ষমতা হলো একটি ভিত্তি, কিন্তু ক্ষমতার সঠিক ব্যবহার একটি আশীর্বাদ এবং এর বিপরীতটি অর্থাৎ ক্ষমতার অপব্যবহার হলো একটি অভিশাপ, একটি ধ্বংস...।
এছাড়াও, ট্রাম্প নিজে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বজনপোষণ সংক্রান্ত সমালোচনার শিকার হয়েছেন। জর্জ ক্লুনি এবং অন্যান্য সমালোচকরা কয়েকমাস আগে স্বতঃস্ফূর্তভাবে এবং স্পষ্টভাবে আক্ষেপ করে বলেছিলেন, "ট্রাম্পের সরকার এমন সব কম যোগ্য, নীতিহীন এবং দুর্নীতিবাজ লোক দ্বারা পরিচালিত হচ্ছে যা বিপর্যয় ডেকে আনতে পারে।"
আর এখন রিপাবলিকান পার্টির পরাজয় স্পষ্ট এবং এটি আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে, কীভাবে এবং কেন নীতিনির্ধারণী ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিশেষ করে শীর্ষ ব্যবস্থাপনায় গুণী, জ্ঞানী, শিক্ষিত, সৎ, অভিজ্ঞ, যোগ্য, দেশপ্রেমিক এবং কল্যাণমুখী ব্যক্তিদের (কর্মকর্তা) প্রয়োজনীয়তা সরকার ও রাজনৈতিক দল উভয় ক্ষেত্রেই দরকার।
ট্রাম্পের এ পরাজয় আরও দেখিয়েছে যে কেউ যত শক্তিশালী বা পরাক্রমশালীই হোন না কেন, সততা, গুণ ও ন্যায়বিচারহীন একজন মানুষ, অন্য কথায় “কাকিস্টোক্রেসির” দোষযুক্ত কোনো মানুষ বা নেতা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননা।
দুর্ভাগ্যবশত: “কাকিস্টোক্রেসি” কম-বেশি সারা পৃথিবীতেই বিদ্যমান। কিন্তু “কাকিস্টোক্রেসি” মানে ঠিক কী? কাকিস্টোক্রেসি হলো সবচেয়ে খারাপ লোকদের দ্বারা পরিচালিত একটি শাসনব্যবস্থা।
অর্থাৎ সবচেয়ে কম যোগ্য বা সবচেয়ে নীতিহীন ব্যক্তিরা ক্ষমতা বা সরকার পরিচালনায় থাকেন।
“কাকিস্টোক্রেসির” একদম বিপরীত হলো মেধাতন্ত্র (meritocracy), যেখানে ক্ষমতা সবচেয়ে সক্ষম, প্রতিভাবান এবং যোগ্য ব্যক্তিদের হাতে থাকে। ঐতিহাসিকভাবে, শব্দটি অভিজাততন্ত্রের (aristocracy)—যা সেরা বা সবচেয়ে নোবেল, শিক্ষিত, সক্ষম এবং সৎ, মর্যাদাবান ও দক্ষ মানুষের দ্বারা পরিচালিত হয়—তার একটি বিপরীতার্থক শব্দ হিসেবেও Kakistocracy প্রবর্তিত হয়েছিল।
বর্তমান বিশ্বে এমন অনেক সম্ভাব্য জাতি রয়েছে যেখানে “কাকিস্টোক্রেসি” তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে প্রায় পতনের মুখে ঠেলে দিয়েছে। এর উদাহরণ হতে পারে নাইজেরিয়া, ফিলিপাইন, মিসর, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং আরও অনেক দেশ।
উপরের আলোচনায় যেমন দেখেছি যে, আমেরিকার মতো সবচেয়ে শক্তিশালী ও উন্নত দেশও অর্থনীতিবিদ ও পণ্ডিতদের প্রশ্নের মুখে পড়েছিল, যারা প্রেসিডেন্ট ট্রাম্পের আমলের প্রতি ইঙ্গিত করেছিলেন যেখানে রিপাবলিকান সরকারের নেতৃত্বে চরম অযোগ্যতা, বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং নীতিহীন প্রকৃতির কারণে “কাকিস্টোক্রেসি” প্রকট হয়ে উঠেছিল।
কিছু পণ্ডিতবর্গ মিসরের রাষ্ট্রব্যবস্থা বর্ণনা করতে গিয়ে “কাকিস্টোক্রেসির” যে প্রধান উপাদানগুলোর কথা বলেছেন—প্রথমত: ক্লেপ্টোক্রেসি (Kleptocracy) যার অর্থ চোরদের শাসন বা চৌর্যতন্ত্র।
এটি ইঙ্গিত করে যে কীভাবে জনসম্পদ এবং রাষ্ট্রীয় তহবিল কাঠামোগতভাবে সামরিক সমর্থিত কর্পোরেট পৃষ্ঠপোষকতায় আত্মসাৎ করা হয় এবং দ্বিতীয়ত, হিউমিলিওক্রেসি (Humiliocracy) —এটি এমন একটি শব্দ যা এমন একটি ব্যবস্থাকে বর্ণনা করে যা নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণতা থেকে বঞ্চিত করে চরম ‘অপমান’ বা অবমূল্যায়নের স্তরে নামিয়ে এনে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখে।
এই অপমান সম্মানিতদের সামাজিক, রাজনৈতিক এবং ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং নৈতিক ও মানসিক ভাঙনের দিকে পরিচালিত করে।
১. “হিউমিলিওক্রেসি” হলো একটি নতুন শব্দ (neologism) যা এর উন্নত নাগরিকদের অবমূল্যায়ন, অপমান এবং পরাধীনতা বর্ণনা করতে ব্যবহৃত হয়। শব্দটি এমন দুর্বল কাঠামোগুলিকে তুলে ধরে যা কেবল আইনের মাধ্যমে নয়, বরং মানসিক অবমূল্যায়নের মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখে। আমরা যদি গত কয়েক দশকের মিসরের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পরীক্ষা করি, তবে অনুমান করতে পারি, মিসরে আসলে কী ঘটেছিল।
এরপর নাইজেরিয়ার কথায় আসা যাক:
১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে নাইজেরিয়াও অত্যন্ত শিক্ষিত পেশাদার, উদ্যোক্তা, শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং উদ্ভাবকদের প্রজন্ম তৈরি করেছে যারা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
তবুও, এই উল্লেখযোগ্য সুবিধাগুলো থাকা সত্ত্বেও, দেশটিতে ক্রমাগত দারিদ্র্য, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, অপর্যাপ্ত অবকাঠামো, দুর্বল জনসেবা এবং এমন একটি উন্নয়ন প্রক্রিয়া বজায় রয়েছে যা প্রায়শই এর বিশাল সম্ভাবনার সাথে মিল রাখতে ব্যর্থ হয়েছে। নাইজেরিয়ায় রাজনৈতিক ক্ষমতা প্রায়শই প্রচুর জনসম্পদের সুযোগ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর প্রভাবের সাথে যুক্ত হয়েছে।
এখান থেকেই নাইজেরিয়ার রাজনৈতিক অভিজ্ঞতা বুঝতে ক্লেপ্টোক্রেসি এবং “কাকিস্টোক্রেসি” ধারণাটি উপযোগী হয়ে ওঠে। “ক্লেপ্টোক্রেসি”(চৌর্যতন্ত্র) এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে যারা রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণে থাকে তারা ব্যক্তিগত সমৃদ্ধির জন্য জনসম্পদ শোষণ করে।
অন্যদিকে “কাকিস্টোক্রেসি” এমন ব্যক্তিদের দ্বারা পরিচালিত সরকারকে বর্ণনা করে যাদের কার্যকরভাবে শাসন করার জন্য অনুপযুক্ত, অযোগ্য বা দুর্বল বলে মনে করা হয়। যখন জনসম্পদ অপসারিত হয়, তখন এর পরিণতি শেষ পর্যন্ত সাধারণ নাগরিকদেরই ভোগ করতে হয়।
যেমন, একটি চুরি হওয়া বা অব্যবস্থাপনায় পড়া জনসম্পদ এমন একটি হাসপাতালকে বোঝাতে পারে যা কখনো তৈরি করা হয়নি, একটি রাস্তা যা কখনো সম্পন্ন হয়নি, একটি স্কুল যা অসংরক্ষিত রয়ে গেছে, একটি বিদ্যুৎ প্রকল্প যা কখনো সম্প্রদায়ের কাছে পৌঁছায়নি বা একটি নিরাপত্তা চৌকি যা তাঁর অভীষ্ঠ উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই অর্থে দুর্নীতি এবং খারাপ রাজনৈতিক নেতৃত্ব কেবল নৈতিক বা প্রশাসনিক সমস্যা নয়, এগুলো উন্নয়নমূলক সমস্যাও বটে।
মিসর, ফিলিপাইন এবং নাইজেরিয়া সম্পর্কে উপরোক্ত আলোচনা থেকে বুঝা গেল যে, “কাকিস্টোক্রেসির” অন্তর্নিহিত উপাদানগুলো হলো ক্লেপ্টোক্রেসি (চুরি, ঘুষ), হিউমিলিওক্রেসি (জনসাধারণ বা নাগরিকদের সামগ্রিক মর্যাদা ক্ষুণ্ণ করা), এগুলো সবই ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক কাজ। রাজনীতিতে ক্ষমতা হলো একটি ভিত্তি, কিন্তু ক্ষমতার সঠিক ব্যবহার একটি আশীর্বাদ এবং এর বিপরীতটি অর্থাৎ ক্ষমতার অপব্যবহার হলো একটি অভিশাপ, একটি ধ্বংস...।
অধিকন্তু, ক্ষমতা এমন একজন মানুষের হাতে থাকা এবং পরিচালনা করা উচিত যার ক্ষমতার গুরুত্ব, ধাক্কা বা ওজন ধারণ ও বজায় রাখার ক্ষমতা রয়েছে। অন্য কথায়, যারা ক্ষমতার ভার কাঁধে নেন তাঁদের নৈতিকতা, মর্যাদা, অভিজ্ঞতা, শিক্ষা এবং ব্যক্তিত্ব, দক্ষতা, প্রজ্ঞা এবং ধৈর্যের জোরে ক্ষমতার পর্যাপ্ততা বা ভারসাম্য থাকতে হবে যাতে তাঁরা ক্ষমতা ন্যায়সঙ্গতভাবে প্রয়োগ করতে পারেন।
মরক্কোর একজন পণ্ডিত মাদি এলমাজড্রা (Humiliocracy) বা অপমানের মাধ্যমে শাসনের নিয়ম ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে, সর্বনিম্ন বেসামরিক কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ সামরিক জেনারেল পর্যন্ত—অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতাগুলোকে যখন কোনো সংস্কৃতি আত্মস্থ করে, বিশেষ করে যেমন হয়েছিল আবদেল ফাত্তাহ আল সিসির অধীনে মিসর সরকারে, তখন 'হিউমিলিওক্রেসি' কার্যকর ছিল। এমনিভাবে কিছু দেশে অন্যায়ের মাধ্যমে মর্যাদাবান মানুষ বা ভালো মানুষদের অপমান বা অবমূল্যায়ন করা হয়ে থাকে।
রাজনৈতিক ভাষ্যকার এবং শিক্ষাবিদরা যেমন যুক্তি দেখান, মিসরে রাষ্ট্রীয় অবস্থান আরও খারাপ হয়েছে, যারা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির প্রশাসনের অধীনে মিসরে সুশাসনের কাঠামোগত ভাঙন বর্ণনা করতে “কাকিস্টোক্রেসি” শব্দটি ব্যবহার করেন।
ফিলিপাইন আরেকটি উদাহরণ। এখানে এমন একটি সরকার রয়েছে, সমালোচক এবং শিক্ষাবিদরা বলেন, “সরকারটি সবচেয়ে কম যোগ্য, নীতিহীন, দুর্নীতিবাজ বা সবচেয়ে অন্যায্য লোকদের দ্বারা চালিত—অর্থাৎ খারাপের শাসন।" তাঁরা আরও বলেন, "আমরা এমন একটি জাতি তৈরি করেছি যেখানে সবচেয়ে খারাপ লোকেরা শীর্ষে উঠে আসে- এবং তাঁদের থামানোর জন্য আমরা অত্যন্ত তুচ্ছ।"
তাঁরা আরও বলতে থাকেন—"আমরা গণতন্ত্রে বাস করছি না, রিপাবলিকানেও বাস করছি না, আমরা নিখুঁত “কাকিস্টোক্রেসিতে” বাস করছি, যা সবচেয়ে কম নীতিবানদের দ্বারা, যারা জনগণের বিশ্বাসকে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করতে ইচ্ছুক, তাঁদের দ্বারা চালিত।" তাঁরা ফিলিপাইনে “কাকিস্টোক্রেসির” একটি চিত্র তুলে ধরেন অনেক উদাহরণ উদ্ধৃত করে; যার মধ্যে তাঁরা মার্কোসের একনায়াকসুলভ ভূমিকার কথা উল্লেখ করেছেন।
সেটি ছিল নিখুঁত “কাকিস্টোক্রেসি” যেখানে ১০ বিলিয়ন ডলার লুটপাট করা হয়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, ‘ক্রনি’ ক্যাপিটালিজম বা স্বজন তোষণকারী পুঁজিবাদ রাষ্ট্রধর্মে উন্নীত হয়েছে।" বেলিন্ডা অ্যাকুইনো এসব লুটপাটের রাজনীতির সবকিছু পরিষ্কার করে তুলে ধরেছেন। "আমরা জানতাম, আমরা সবসময়ই জানতাম।" "কিন্তু আমরা এখানে আছি, একই প্যাটার্ন পুনরাবৃত্তি করছি, কেন? কারণ আমরা আয়নায় তাকাতে অস্বীকার করি।" (অর্থাৎ নিজেদের চেহারা দেখতে চাই না।)
নাইজেরিয়ার উদাহরণ, বর্তমান বিশ্বের এই ধরনের যেকোনো দেশের চেয়ে কম ভয়াবহ নয়। নাইজেরিয়ায় “কাকিস্টোক্রেসি” এমন একটি শাসনব্যবস্থাকে বর্ণনা করে যেখানে রাজনৈতিক ক্ষমতা সবচেয়ে কম যোগ্য, সবচেয়ে কম দক্ষ, সবচেয়ে দুর্নীতিবাজ, সবচেয়ে নীতিহীন ব্যক্তিদের হাতে থাকে। পণ্ডিত এবং বিশিষ্ট ব্যক্তি এমনকি নাগরিকরাও নেতৃত্ব এবং জন প্রশাসনের পদ্ধতিগত ব্যর্থতাগুলোকে চিহ্নিত করতে প্রায়ই নাইজেরিয়ার রাজনীতিতে এই শব্দটি প্রয়োগ করেন।
অনেক ইতিহাসবিদ যারা নাইজেরিয়ার রাজনৈতিক “প্যারাডক্স” সম্পর্কে লিখেছেন, তাঁরা বিশ্বাস করেন যে বর্তমান নাইজেরিয়া বিশ্বের অন্যতম সম্ভাবনাময় দেশ। এটি অপরিসীম মানব এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ যার মধ্যে রয়েছে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, কঠিন খনিজ পদার্থ, বিশাল কৃষিজমি এবং একটি বড় তরুণ জনগোষ্ঠী।
বিজ্ঞজনের মতে ক্ষমতার অপব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রকৃতপক্ষে, ক্ষমতার অপব্যবহারই “কাকিস্টোক্রেসির” দিকে নিয়ে যাওয়া সবচেয়ে বড় দুর্নীতি। এডমন্ড বার্ক হাউস অব কমন্সের এক বক্তৃতায় বলেছিলেন—"ক্ষমতা যত বেশি, অপব্যবহার তত বেশি বিপজ্জনক।" অতএব, উচ্চ পদে আসীন হওয়ার পর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পক্ষে অস্বাভাবিক ও অনৈতিক আচরণ করা ঠিক নয়।
বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই “কাকিস্টোক্রেসি”র একটি ভয়াবহ পরিস্থিতি দেখেছে, যখন রাজনীতি, অর্থনীতি, প্রশাসন এবং সামাজিক সম্প্রীতি ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল এবং প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। আমি দেখেছি কীভাবে “কাকিস্টোক্রেসি” কাজ করেছে, কলকারখানাগুলো সবচেয়ে দুর্নীতিবাজ ও নীতিহীন লোকদের দ্বারা পরিচালিত হতো। প্রায় একই রকম পরিস্থিতি গত ষোলো বছরের ফ্যাসিবাদের সময় পুনরাবৃত্তি হয়েছিল, যাকে আমরা মোট “কাকিস্টোক্রেসির” একটি সময় বলতে পারি।
স্বাধীনতার ঠিক পরপরই আমাকে বগুড়ায় পোস্টিং দেওয়া হয়েছিল যখন আমার দেখার সুযোগ হয়েছিল কীভাবে জেলা প্রশাসন ক্লেপ্টোক্রেসি বা “কাকিস্টোক্রেসির” মাধ্যমে পরিচালিত হয়েছিল, কীভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কলকারখানাগুলো অব্যবস্থাপনার শিকার হয়েছিল এবং শেষ পর্যন্ত তাঁদের অনেকেই ধ্বংস হয়ে বন্ধ হয়ে গিয়েছিল।
অতএব, আমাদের উপরোক্ত বিষয়গুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এবং মনে রাখা উচিত যে শাসনব্যবস্থা সম্পূর্ণরূপে সুশাসনের ওপর নির্ভর করে।
সরকার মানবগোষ্ঠি দ্বারা গঠিত এবং একটি সংস্থা, সর্বোচ্চ সমন্বয়, নিয়ন্ত্রণ, গতি এবং এই কাজগুলোর কার্যকারিতার চেয়ে বেশি কিছু অবদান রাখতে পারে না, যদি সরকারের কাজে নিয়োজিত কোনো স্তরের মানুষ অভিজ্ঞতাহীন, স্বল্প-প্রশিক্ষিত, উপযুক্ত ক্ষমতা ও সক্ষমতার অভাবযুক্ত এবং নৈতিক মান বর্জিত হয়।
সরকারের ভূমিকার সমস্ত ক্ষেত্রে, নৈতিক মান কেবল আইনের মাধ্যমেই রক্ষা করা যায় না, এটি প্রশাসনিক ও ব্যবস্থাপনা স্তরের জ্যেষ্ঠ নেতাদের (রাজনৈতিক স্তরের) মনোভাব, আচরণ, মূল্যবোধ এবং উচ্চ নৈতিক মান প্রদর্শনের মাধ্যমেও বজায় রাখা যেতে পারে।
অনেক ক্ষেত্রে, আমি আমার কর্মজীবনে যা দেখেছি, জ্যেষ্ঠ কর্মকর্তারা এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেননি যে তাঁদের নেতৃত্ব তাঁদের জুনিয়র বা অধস্তনদের মধ্যে উচ্চতর পেশাদার, নৈতিক মান গড়ে তুলতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এ প্রসঙ্গে উইলিয়াম লংফেলোর একটি কবিতার কয়েকটি লাইন লেখার লোভ (উদ্বৃত করার) অনুভব করছি; "মহান মানুষদের জীবন আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি, বিদায় নেওয়ার সময় সময়ের বালুকাবেলায় রেখে যেতে পারি আমাদের পদচিহ্ন।"
এখন বাংলাদেশে, জনাব তারেক রহমানের মতো একজন কর্মবীর মানুষের নেতৃত্বে এক চিলতে আশার আলো নিয়ে একটি নতুন গণতান্ত্রিক সরকারের উদয় হয়েছে। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি, ৩১ দফার রূপরেখা এবং তাঁর “ক্যারিশম্যাটিক” নেতৃত্ব আমাদের আশা জোগায়। তাঁর চারপাশে যারা আছেন তাঁদের দ্রুত এগিয়ে যাওয়ার জন্য আন্তরিকতা এবং দেশপ্রেমের সাথে কাজ করা উচিত।
(বি:দ্র: লেখাটি বাংলায় অনুবাদ করেছেন জনাব ফজলে আমিন, তিতুমির সরকারী কলেজের দর্শন বিভাগের শিক্ষক।)
লেখক: এ. এস. এম. আবদুল হালিম সাবেক মন্ত্রিপরিষদ সচিব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান।
