দেড় কোটি টাকায় খাগড়াছড়িতে পোস্টিং বাগিয়ে নিয়েই যোগদানের পর অধীনস্থদের মাসোহারা ও চাঁদার হার বাড়ানোর নির্দেশ বিতর্কিত ডিএফও তারিকুলের 

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ ১৩:১৯:২৫

গণ-অভ্যুত্থানোত্তর বাংলাদেশে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা দেশবাসীর মনে তৈরি হয়েছিল, তা বহু ক্ষেত্রে অসাধু চক্রের কারণে মার খাচ্ছে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব না হওয়ায় জনমনে চরম হতাশা বিরাজ করছে। একশ্রেণির দালাল, তদবিরবাজ, রাজনৈতিক পরিচয়ের সুবিধাভোগী এবং দুর্নীতিবাজ আমলার যোগসাজশে রাষ্ট্রীয় খাতগুলোতে চলা অনিয়মের সর্বশেষ ও চাঞ্চল্যকর উদাহরণ তৈরি হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অধীনস্থ বন অধিদপ্তরে।

গত ১৪ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-৩ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মাহমুদা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. তারিকুল ইসলামকে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হিসেবে পদায়ন করা হয়, যিনি এখনো বিভাগীয় বন কর্মকর্তা পদে কেবল চলতি দায়িত্বে পদোন্নতিপ্রাপ্ত একজন নন-ক্যাডার কর্মকর্তা।

কিছুদিন আগে খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও ফরিদ মিঞা অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ায় পদটি শূন্য হওয়ার আগেই একটি প্রভাবশালী সিন্ডিকেট সুকৌশলে এই লোভনীয় পোস্টিংটি বাগিয়ে নেওয়ার ছক কষে এবং অনুসন্ধানে জানা যায়, খাগড়াছড়ি বন বিভাগের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ স্থানে পদায়নের জন্য বিতর্কিত ডিএফও তারিকুল ইসলাম ৫০ লাখ টাকার একটি আর্থিক চুক্তিতে সম্মতি দেন।

এই প্রক্রিয়ায় সহায়তা করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রভাবশালীর নিকটাত্মীয়ের শরণাপন্ন হয় চক্রটি এবং সূত্র নিশ্চিত করেছে যে, গত ১৮ অক্টোবর রাজধানীর পান্থপথ এলাকার মোনায়েম টাওয়ারের কাছাকাছি অবস্থিত এক প্রভাবশালী নেতার ব্যবসায়িক কার্যালয়ে এই নগদ অর্থের লেনদেন সম্পন্ন হয়। প্রজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসন ক্যাডারের বুদ্ধিবৃত্তিক মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অত্যন্ত সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে—যেখানে চারটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় এবং অতীতে সাবেক ডিএফও হারাদন বনিক ও সদ্য অবসরপ্রাপ্ত ডিএফও ফরিদ মিয়া পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছিলেন—সেখানে সেনাবাহিনী, ডিজিএফআই, বিজিবি, পুলিশ ও জেলা-উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার মতো যোগ্যতা এই নন-ক্যাডার কর্মকর্তার কতটুকু আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে খাগড়াছড়ি বন বিভাগে যোগদান করার পরপরই ডিএফও তারিকুল ইসলাম তার বিনিয়োগকৃত বিপুল অর্থ তুলে নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে; যোগদান করেই তিনি তার অধীনস্থ রেঞ্জ ও স্টেশন কর্মকর্তাদের নিয়ে নিজ অফিস কক্ষে একটি বৈঠক করেন এবং সেখানে টেবিল জোতের ঘনফুট প্রতি, গাড়ি প্রতি ও মাসোহারার টাকা আদায়ের হার বৃদ্ধির জন্য নির্দেশ দেন, যা নিয়ে অধীনস্থ অনেক কর্মকর্তার মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

নতুন এই ডিএফও’র অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তিনি এর আগে খাগড়াছড়ি বন বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটিরাঙ্গা রেঞ্জে রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) হিসেবে দায়িত্ব পালনকালে (পাশাপাশি জালিয়াপাড়া ও মানিকছড়ি রেঞ্জের অতিরিক্ত দায়িত্ব পালনের সময়ও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন) সংরক্ষিত বনাঞ্চল (রিজার্ভ ফরেস্ট) থেকে অবৈধ জোতের আড়ালে দেদারছে কাঠ পাচার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো স্বীকার করেছে। খাগড়াছড়ির ভৌগোলিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে পূর্বের অভিজ্ঞতা থাকায় তিনি পুনরায় এই এলাকায় পোস্টিং পেতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগের ঝুঁকি নেন এবং পরবর্তীতে সহকারী বন সংরক্ষক (এসিএফ) হিসেবে পদোন্নতি পেয়ে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগে সাড়ে চার বছর দায়িত্ব পালনকালে ‘সুফল প্রকল্পের’ উন্নয়ন কাজ থেকেও ৫ শতাংশ হারে কমিশন আদায় করে অবৈধ উপায়ে অর্জিত সেই অর্থ দিয়েই খাগড়াছড়ির মতো লোভনীয় পোস্টিংয়ের তদবির সফল করেছেন বলে অভিযোগ রয়েছে।

একজন অদক্ষ ও বিতর্কিত কর্মকর্তাকে পার্বত্য অঞ্চলের মতো সংবেদনশীল বন বিভাগে পদায়ন করায় সৎ ও চৌকস কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বন প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, খাগড়াছড়ি বন বিভাগে তারিকুল ইসলামের পদায়ন বন অধিদপ্তরের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত এবং বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে সেখানে যাওয়ার অর্থ হলো পুরো বন বিভাগকে গ্রাস করা। বর্তমান সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হলেও কিছু অসাধু চক্র ব্যক্তিগত ও আর্থিক স্বার্থে এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় সরকারের সামগ্রিক ভাবমূর্তি ও সুশাসন মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এমতাবস্থায় সচেতন মহল ও বন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবিলম্বে এই বিতর্কিত পদায়নের প্রজ্ঞাপন বাতিল করে পোস্টিং বাণিজ্য ও অবৈধ অর্থ আদায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের শীর্ষ পর্যায়ের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এই পুরো অভিযোগ, দেড় কোটি  টাকার আর্থিক লেনদেন এবং অফিস কক্ষে বৈঠক করে টাকা আদায়ের হার বৃদ্ধির নির্দেশনার বিষয়ে বক্তব্য জানতে ডিএফও তারিকুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের প্রশ্ন ও অভিযোগ শোনার সাথে সাথেই কোনো ধরনের মন্তব্য না করে লাইন কেটে দেন এবং পরবর্তীতে একাধিকবার কল করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।