সুন্দরবনের জলজ সম্পদ রক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক!

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে অদ্য ১৯ নভেম্বর ২০২৬ খ্রি. রাজধানীর আগারগাঁওস্থ বন ভবনের হৈমন্তী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে "Assessment of Aquatic Resources of the Sundarbans" শীর্ষক জাতীয় কর্মশালা। বাংলাদেশ বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সুন্দরবন সুরক্ষা (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় পরিচালিত এই গবেষণামূলক সমীক্ষাটি যৌথভাবে পরিচালনা করেছে আরণ্যক ফাউন্ডেশন ও সিএনআরএস (CNRS)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজ শামিমা বেগম। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক জনাব মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ও ‘সুন্দরবন সুরক্ষা (২য় সংশোধিত)’ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব ইমরান আহমেদ। এরপর মাঠ পর্যায়ের দীর্ঘমেয়াদী গবেষণার উল্লেখযোগ্য তথ্য ও ফলাফল উপস্থাপন করেন ড. এনামুল হক, ড. ইয়ামিন হোসাইন ও ড. স্বপন কুমার সরকার।
সমীক্ষাটিতে সুন্দরবনে ২৫১টি মাছের প্রজাতি এবং ৫১টি ক্রাস্টেশিয়ান (কাঁকড়া ও চিংড়ি জাতীয়) প্রজাতি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ০৭টি প্রজাতি সুন্দরবনের জন্য একেবারেই নতুন! এছাড়া সুন্দরবনের নিষিদ্ধ ১৮টি খালের বর্তমান অবস্থা মূল্যায়ন, ১৫টি মাছের মজুদ তথা স্টক অ্যাসেসমেন্ট, ১৫১ জেনেরা ফাইটোপ্লাংটন এবং ১১০ জেনেরা জুপ্লাংটন রেকর্ড করা হয়েছে। পাশাপাশি বেন্থস, অ্যানিলিডস, পলিকিয়েটসহ বিভিন্ন জীবের ঘনত্ব নিরূপণ, কাঁকড়ার প্রজননকাল নির্ধারণের সুপারিশ, নদীর পানির গুণাগুণ পর্যবেক্ষণ এবং বিষ দিয়ে মাছ ধরার প্রভাব নিয়ে গবেষণা করা হয়েছে। পাশাপাশি দুবলার চরে ৩২ প্রজাতির মাছ রেকর্ড ও দুবলা ব্যবস্থাপনার বিষয়ে সুনির্দিষ্ট মতামত প্রদান, ৬৫টি খালে রিপারিয়ান ভেজিটেশন নিয়ে কাজ এবং সুন্দরবনের ওপর সম্ভাব্য জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও বিস্তৃত গবেষণা তুলে ধরা হয়।
কর্মশালায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বন কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ এবং মৎস্য সম্পদ গবেষণায় যুক্ত বিশেষজ্ঞগণের উপস্থিতিতে সমীক্ষার প্রাথমিক ফলাফলসমূহ বিশদভাবে পর্যালোচনা করা হয়। অংশীজনদের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে তৈরি চূড়ান্ত প্রতিবেদন আগামী দিনে সুন্দরবনের জলজ সম্পদ সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক নীতি নির্ধারণ ও কার্যকর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আসুন, আমাদের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন এবং এর সমৃদ্ধ জলজ প্রাণসম্পদ রক্ষায় আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে আরও সচেতন ও দায়িত্বশীল হই।
