গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মে ১১, ২০২৬ ১৭:২৭:৫২

গতকাল ১০ মে রবিবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান।

সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে মোঃ সেলিমুজ্জামান মোল্যা, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেন এবং প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

সভাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে শহীদুল হাসান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান, এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো: আবদুল আউয়াল, এলজিইডি, গোপালগঞ্জ জেলার নির্বাহী নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক এবং গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ।