ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হবে এবং বর্তমানে বিদ্যমান জটিলতা শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে নিয়মিত আলোচনা চলছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রশ্নোত্তর পর্বটি পরে টেবিলে উত্থাপিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এগিয়ে চলেছে। এই সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক সংযোগ, অভিন্ন মূল্যবোধ এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
ভিসা জটিলতা প্রসঙ্গে ড. খলিলুর রহমান জানান, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, ওই আলোচনায় বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো অনুরোধ জানানো হয়েছে। এ আলোচনার পরিপ্রেক্ষিতে শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সরকার ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
