হজযাত্রী বাচ্চু মিয়ার ইন্তেকাল: বাড়িতে লাশ পৌঁছে দেয়ার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বাচ্চু মিয়া (৬২) নামের একজন হজযাত্রী মারা গেছেন। মৃত এ হজযাত্রীর লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছানোর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা হজ অফিসের পরিচালক জানান, সস্ত্রীক হজপালনের উদ্দেশ্যে গতরাত আনুমানিক আড়াই টার দিকে গাড়িযোগে অন্যান্য সহযাত্রীদের সাথে হজক্যাম্পে আসেন বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামানোর জন্য সাহায্য চাওয়া হলে একটি স্বেচ্ছাসেবক টিম তার সহায়তায় এগিয়ে যান এবং শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোঃ ইকবাল অবস্থা পর্যবেক্ষণ করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে মৃত হজযাত্রীর লাশ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুনদিয়া গ্রামে পৌঁছে দেয়ার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।
মরহুমের লাশ একটি লাশবাহী ফ্রিজিং গাড়িযোগে এবং তাদের মালামাল অন্য একটি গাড়িতে পাঠানো হয়। মরহুমের লাশ বাড়িতে পৌঁছাতে শেষে কিছু পথ নৌকাতে পাড়ি দিতে হয়।
এ লাশবাহী গাড়িতে মরহুমেট স্ত্রী ছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি ও কয়েকজন স্বেচ্ছাসেবক পাঠানো হয়।
মৃত হজযাত্রীর সহযাত্রীদের ভাষ্যমতে, বাচ্চু মিয়া গাড়িতে হজক্যাম্পে আসার পথে অস্বস্তি বোধ করায় মীরের বাজার এলাকার একটি চায়ের দোকান হতে কিছুটা চিনি এনে খাওয়ানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেটা খেতে পারেন নি। এ ঘটনায় মরহুমের গ্রামের মানুষ ও সহগামী হজযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
