স্মার্ট ইনোভেশন্স স্কুলে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আমেনা ইসলাম
আমেনা ইসলাম
প্রকাশিত: মে ৯, ২০২৬ ১৭:১৭:১৭  আপডেট :  মে ৯, ২০২৬ ১৭:৩৯:০৯

রাজধানীর বনানীর এলাকায় অবস্থিত Smart Innovations School-এ আজ অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী শিক্ষা ও সৃজনশীলতা বিষয়ক আয়োজন। শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি বিস্তারের লক্ষ্যে একাধিক প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রোগ্রামে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।ক্যামব্রিজ ও আইবি পিওয়াইপি দর্শনের সমন্বয়ে পরিচালিত প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্ব দিয়ে থাকে।  উক্ত ওয়ার্কশপে ঢাকার ১৫টি ইংলিশ মিডিয়াম ও ইন্টারন্যাশনাল স্কুলের ৭০ জন প্রাইমারি শিক্ষক অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে স্টুডেন্ট-সেন্টার্ড লার্নিং, ক্রিটিক্যাল থিংকিং এবং রিয়েল-লাইফ বেইজড শিক্ষাদান কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও ইংলিশ মিডিয়াম ও ইন্টারন্যাশনাল স্কুলের আর্ট শিক্ষকদের জন্য আয়োজিত একটি বিশেষ ওয়ার্কশপ পরিচালনা করেন আর্ট এডুকেটর মঞ্জরী মধুরিমা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৩ জন আর্ট শিক্ষক অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে ক্রিয়েটিভ আর্ট প্র্যাকটিস, শিশুদের আর্টিস্টিক এক্সপ্রেশন এবং আধুনিক আর্ট ইন্টিগ্রেশন পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।অন্যদিকে “Creative Writing” বিষয়ক আরেকটি ওয়ার্কশপের নেতৃত্ব দেন ইংরেজি শিক্ষক শামা সিদ্দিকা। কর্মশালায় শিক্ষার্থীদের সৃজনশীল লেখনী দক্ষতা বৃদ্ধি, কল্পনাশক্তির বিকাশ এবং এনগেজিং ক্লাসরুম রাইটিং স্ট্র্যাটেজি নিয়ে কার্যকর ও অংশগ্রহণমূলক সেশন পরিচালিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষকদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন স্কুলের প্রিন্সিপাল সৈয়দ রাদিব। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরাই একটি জাতির প্রকৃত নির্মাতা। একজন দক্ষ ও অনুপ্রাণিত শিক্ষকই পারে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে। তাই শিক্ষকদের ধারাবাহিক প্রফেশনাল ডেভেলপমেন্ট নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ ও টিচার ডেভেলপমেন্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং স্মার্ট ইনোভেশন্স স্কুল ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।