ঢাকার শিক্ষকদের জন্য স্মার্ট ইনোভেশনস স্কুলের ব্যতিক্রমধর্মী  “ইনকোয়ারি বেইজড টিচিং অ্যান্ড লার্নিং” কর্মশালা

আমেনা ইসলাম
আমেনা ইসলাম
প্রকাশিত: মে ১০, ২০২৬ ১৪:০৭:১৩  আপডেট :  মে ১০, ২০২৬ ১৪:৪৪:২২

স্মার্ট ইনোভেশনস স্কুল ঢাকার ইংলিশ মিডিয়াম ও ইন্টারন্যাশনাল স্কুলসমূহের শিক্ষকদের জন্য একটি ব্যতিক্রমধর্মী ও অনুপ্রেরণামূলক পেশাগত উন্নয়নমূলক কর্মশালার আয়োজন করে। “ইনকোয়ারি বেইজড টিচিং অ্যান্ড লার্নিং”  শীর্ষক এই কর্মশালাটি পরিচালনা করেন স্কুলের পিওয়াইপি প্রধান(Head of PYP)  এবং পিওয়াইপি সমন্বয়কারী (PYP Coordinator) জনাব রেজুয়ান চৌধুরী।

কর্মশালায় ঢাকার ১৭টি ইংলিশ মিডিয়াম ও ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ৭০ জন প্রাইমারি শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থী-কেন্দ্রীক শিক্ষা, সমালোচনামূলক চিন্তাভাবনা, এবং বাস্তব জীবনভিত্তিক শিক্ষা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষকরা বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা পদ্ধতি, উদ্ভাবনী কৌশল এবং কার্যকর শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন, যা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও গভীর শিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে। কর্মশালায় এমন শ্রেণিকক্ষ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয় যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করতে, প্রশ্ন করতে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে সক্ষম হয়।

রেজুয়ান চৌধুরী বাংলাদেশের শিক্ষকদের জন্য পেশাগত উন্নয়নের সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষকদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং ভবিষ্যতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অংশগ্রহণকারী শিক্ষকরা কর্মশালাটির অত্যন্ত প্রশংসা করেন এবং একে উদ্ভাবনী, প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেন। ভবিষ্যতে এ ধরনের আরও পেশাগত শিক্ষামূলক কর্মশালায় অংশগ্রহণের আগ্রহও অনেক শিক্ষক প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্মার্ট ইনোভেশনস স্কুল বাংলাদেশের শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা চর্চা বিস্তারে তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে।