টেন্ডার বাণিজ্যে পকেট ভরছেন গণপূর্ত প্রকৌশলী আহসান হাবীব

আশরাফুল ইসলাম ইমন
আশরাফুল ইসলাম ইমন
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬ ১৮:১৮:০৭

ঢাকা গণপূর্ত বিভাগ-১ এ RFQ দরপত্র আহবান করে ও কাজ না করিয়েই দরপত্র বিল পরিশোধ করে চলছে আর্থিক হরিলুট। আর এই হরিলুটের মূলহোতা ঢাকা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব।

জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে মো. আহসান হাবীব ৩ লক্ষ টাকা মূল্যমানের মোট ২৮টি RFQ বা Request for Quotation এর দরপত্র আহবান করেছেন। যার মধ্যে ১২টি দরপত্রের মূল্য ৩৬ লাখ টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। কিন্তু পরিশোধকৃত এই ১২টি দরপত্রের বাস্তবে কোনো কাজের হদিস নেই বললেই চলে। অভিযোগ রয়েছে এই RFQ দরপত্র আহবানের মাধ্যমে আহসান হাবীব সরকারি কোষাগারের টাকা আত্মসাৎ করছেন। 
এছাড়াও রাজারবাগ পুলিশ লাইনস-এ অবস্থিত ব্যারাক বিল্ডিং ৩-এর ৫ম তলার ছাদের মেরামত ও সংস্কার কাজের জন্য ১২০১৮৮২ নং দরপত্র আহবান করেছিলেন আহসান হাবীব। e-Government Procurement বা e-GP তে দেখা যায় যে দরপত্রটি ইজিপি-এর আর্কাইভে চলে গিয়েছে। ইজিপি-এর আর্কাইভে তখনই একটি দরপত্র চলে যায় যখন দরপত্রটির কাজ ও মূল্য পরিশোধ করা হয়। কিন্তু সরেজমিনে রাজারবাগ পুলিশ লাইনস এর ব্যারাক বিল্ডিং ৩ পরিদর্শন করে দেখা যায় যে ভবনটির ছাদের কোনো সংস্কারই হয়নি। ভবনটির ছাদ এখনো জীর্ণশীর্ণ অবস্থাতেই আছে। ছাদের বিভিন্ন জায়গার আস্তরা খুলে পরেছে। ভবনটির এই সংস্কার দেখিয়েই সম্পূর্ণ বিল পরিসোধ করেছেন আহসান হাবীব। গণপূর্ত সংশ্লিষ্ট একজন বলেন যে, এই ভবনের কোনো কাজই হয়নি। নির্বাহী প্রকৌশলী ভবনের সংস্কারের দরপত্র আহবান করে ঠিকাদারের সাথে যোগসাজশে দরপত্রের অর্থ ভাগবাটোয়ারা করে নিয়েছেন। 

সাভার গণপূর্ত বিভাগ ও নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগে থাকাকালীন তিনি প্রধান প্রকৌশলীর নির্দেশনা অমান্য করে এপিপি-এর বরাদ্দের দরপত্র এলটিএম পদ্ধতিতে আহবান করার বদলে শতভাগ ওটিএম পদ্ধতিতে আহবান করেছেন। সূত্র জানায়, এলটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করলে সেই কাজ লটারির মাধ্যমে পেতে হয়। যা হাবিবের কমিশন বাণিজ্যে ব্যাঘাত ঘটে। তিনি ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন কমিশন নিয়ে তার নিজস্ব ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য। অভিযোগ আছে, ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করার পর যে ঠিকাদার তাকে ১০ শতাংশ কমিশন দিতো তাকেই তিনি কাজ দিয়ে দিতেন। এইভাবেই তিনি নিজেকে মিস্টার টেন পার্সেন্ট হসেবে পরিচিতি করান।

এসব বিষয়ে ঢাকা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীবের সাথে যোগাযোগ করা হলে তিনি এইসব বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।