রুপসা কলেজ গেটে তালা মেরে
কলেজ প্রশাসনকে জিম্মি করে টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে ফেল করা ৪৬ ছাত্রের এইচএসসির ফরম ফিলাপ

কলেজ প্রশাসনকে জিম্মি করে টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে অকৃতকার্য ৪৬ ছাত্র এইচএসসি ফরম ফিলাপের চঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে খুলনার পূর্ব রূপসাস্থ রূপসা কলেজে। গতকাল সকালে সকল বিষয়ে অকৃতকার্য ছাত্ররা ফরম ফিলাপের জন্য কলেজ কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে কলেজ গেটে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষকে জিম্মি করে গভর্নিং বডির এক সদস্যের সহযোগিতায় ঐ ৪৬ ছাত্র ফরম ফিলাপ করতে সক্ষম হয়। এ নিয়ে সংশ্লিষ্ট মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এতদ্বসংক্রান্তে কলেজের অধ্যাপক এমদাদ জানান সকাল ১০টার দিকে ৮/১০ জন অকৃতকার্য ছাত্র কলেজ গেটে তালা দিয়ে চলে যায়। পরবর্তীতে কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও খুলনা জেলা বিএনপি নেতা মোল্লা খাইরুল ইসলাম কলেজে আসেন এবং কয়েকটি শর্তে অনুত্তীর্ন ছাত্রদের ফরম ফিলাপ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, অনুত্তীর্ণ ছাত্ররা বেশিরভাগই ছাত্রদলের কর্মী। তারা নিয়মিত ক্লাস না করায় ফলাফলে এহেন বিপর্যয়।
জানা যায় চলতি বছর কলেজ টেস্ট পরীক্ষায় ১৬০ ছাত্র অংশ নিলেও সকল বিষয়ে পাশ করে ১১ ছাত্র। গভর্নিং বডির সভার সিদ্ধান্ত মোতাবেক ২ সাবজেক্টে ফেল করা ৩৫ ছাত্রকে এবং পরবর্তীতে ৩ সাবজেক্টে ফেল করা ২৮ ছাত্রকে ফরম ফিলাপের অনুমতি দেওয়া হয়। ফলে ৭৪ ছাত্রের ফরম ফিলাপের অনুমতি মেলে। সকল বিষয়ে ফেল করা ছাত্রের সংখ্যা দাড়ায় ৪৬ এ। এ সকল ছাত্ররা নিয়মিত ক্লাস না করায় তাদের ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটে। গতকাল সকল বিষয়ে অনুর্তীর্ণ এই ৪৬ জনই কর্তৃপক্ষকে জিম্মি করে ফরম ফিলাপে সক্ষম হয়।
উল্লেখ্য গত ২০২৫ সালে এই কলেজ থেকে ২১২ জন ছাত্রের মধ্যে টেস্ট পরীক্ষায় সব বিষয়ে মাত্র ১১ জন পাস করেছিল। ৪ সাবজেক্টে ফেল করেছিল এমন ১১৪ ছাত্রকে বিশেষ বিবেচনায় পরীক্ষায় সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু পাশ করেছিল ৬১ জন। এবারো ফলাফল পূর্বের তুলনায় আরো বিপর্যয় ঘটবে বলে আশংকা করছেন শিক্ষকরা। বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষসহ মাননীয় শিক্ষামন্ত্রী ও সচিবের আশু হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন কলেজের পৃষ্ঠপোষক ও স্থানীয় সচেতন মহল।
