নালা খননকে কেন্দ্র করে বিরোধ, শান্তিপূর্ণ সমাধান চান দুই এলাকার কৃষক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬ ২০:৩১:৪১

নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার কৃষকদের মধ্যে একটি নালা বা খাল খননকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধের শান্তিপূর্ণ সমাধানে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মদনের নায়েকপুর ইউনিয়নের রাজতলা মৌজার এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, কৃষকদের চাষাবাদের সুবিধার্থে রাজতলা মৌজায় নিজ নিজ জমির ওপর একটি নালা বা খাল তৈরি করা হয়েছে। কৃষিজমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন, ফসল নষ্টকারী কচুরিপানা অপসারণ এবং ফাল্গুন-চৈত্র মাসে জমিতে সেচ দেওয়ার সুবিধার জন্য দীর্ঘদিন ধরে কৃষকরা এ ধরনের নালা ব্যবহার করে আসছেন।

সম্প্রতি কেন্দুয়া থানার মামুদপুর গ্রামের এক কৃষক মদন থানার নায়েকপুর ইউনিয়নের রাজতলা মৌজার বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ করেন। এর প্রতিবাদে রাজতলা মৌজাসহ নোয়াগাঁও ও আশপাশের এলাকার বাসিন্দারা মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, যে স্থানে নালা বা খালটি তৈরি করা হয়েছে, সেটি মদন থানাধীন নায়েকপুর ইউনিয়নের রাজতলা মৌজার অন্তর্ভুক্ত। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট নকশা ও ভূমি সংক্রান্ত তথ্য যাচাই করলে সেখানে কেন্দুয়া থানাধীন কোনো কৃষকের জমি রয়েছে কি না, তা স্পষ্ট হবে।

তাদের অভিযোগ, বিষয়টি সঠিকভাবে যাচাই না করে কোনো পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হলে দুই উপজেলার কৃষকদের মধ্যে আরও বিরোধ সৃষ্টি হতে পারে। এতে দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগের বাইরে গিয়ে সংশ্লিষ্ট ভূমির নকশা, খতিয়ান ও সরেজমিন অবস্থান যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানানো হয়।

স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত মালিকানা ও সীমানা নির্ধারণ করবে এবং কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে শান্তিপূর্ণভাবে বিরোধের নিষ্পত্তি করবে।