পরিবর্তিত অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যুগের চাহিদা ও সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিবর্তিত অপরাধের ধরন মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াতে হবে। আধুনিক ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ বন্ধ ও প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দক্ষ ও প্রস্তুত থাকতে হবে। এ লক্ষ্যে পরীক্ষাগার সুবিধা, আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো ও অন্যান্য লজিস্টিক সুবিধাসহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
বুধবার চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কাজ করছে সরকার। তবে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষাগারগুলোর সক্ষমতা ও কার্যক্রমের পরিসর বাড়ানো জরুরি হয়ে পড়েছে। বিচারব্যবস্থায় মানুষের ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরেনসিক পরীক্ষাগারের আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতির ব্যবহার, অবকাঠামোগত সুবিধা নিশ্চিতসহ যাবতীয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
