বংশা‌লে রিকশাওয়া‌লা‌কে নির্যাতনকারী আটক

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: মে ৪, ২০২১ ১৯:২৭:৩৩  আপডেট :  মে ৪, ২০২১ ১৯:৩৩:৩১

রাজধানীর বংশালে একজন মুসল্লী এক রিকশাওয়ালাকে সজোড়ে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন। সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স বিভাগের এআইজি মো. সোহেল রানা এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ পুলিশের মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স উইং'কে পাঠা‌নো মেসেজের ভিত্তিতে ‌ব্যবস্থা নেয়া হয়েছে। একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক দেড়টায় রিকশাচালক মারধর করা হচ্ছে।

ভিডিওটি দেখামাত্র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে।

সেই পরিপ্রেক্ষিতে, ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রকৌশল নিউজ/এমআরএস