শাহজালাল বিমানবন্দর থেকে ২৮টি স্বর্ণ বার উদ্ধার

প্রকৌশল নিউজ:
প্রকৌশল নিউজ:
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ১৫:২৮:১১  আপডেট :  এপ্রিল ৩০, ২০২১ ১৫:৪৯:৫৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা ফ্লাইট BG-5046 থেকে ২৮টি স্বর্ণ বার (৩.২৪৮ কেজি) উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার গভীর রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে তল্লাশী চালিয়ে এসব স্বর্ণ বার উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো আব্দুর রউফ বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ১টা ৫৯ টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আগত ফ্লাইট নং-BG-5046 ফ্লাইটটি তল্লাশী করা হলে ফ্লাইটের একটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ২৮টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৩.২৪৮ কেজি  বলেও জানান তিনি। তিনি বলেন, এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। 

উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।