কর্মজীবী হোস্টেলে কর্মহীনদের আধিক্য: নীলক্ষেতের আবাসন ব্যবস্থায় প্রশ্ন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ ২১:১১:৪৫

কর্মজীবী নারীদের আবাসন সংকট ও তাদের নিরাপদ বাসস্থানের কথা চিন্তা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্মজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে, যা মহিলা বিষয়ক অধিদপ্তরের অন্তর্ভুক্ত। ঢাকা বাংলাদেশের প্রশাসনিক ও দাপ্তরিক প্রাণকেন্দ্র হবার কারণে এসব হোস্টেল কর্মজীবী নারীদের নিরাপদ আবাসস্থল হয়ে ওঠার কথা। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, এটি যেন কর্মহীন নারীদের পুনর্বাসনের একটি স্বর্গরাজ্য হয়ে উঠেছে। হোস্টেলে বসবাসরত বেশিরভাগ নারীই কর্মহীন। বিশেষত, নীলক্ষেতের আশেপাশে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। হলে কারও শিক্ষাজীবন শেষ হবার পর স্বল্প খরচে থাকা-খাওয়ার সুবিধার জন্য অনেকেরই নীলক্ষেত কর্মজীবী হোস্টেলে থাকা সুবিধাজনক, স্বাচ্ছন্দ্য বোধ করেন। উদাহরণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দার কথা বলা যেতে পারে। তার ভাষ্য মতে, সদ্য মাস্টার্স পাশ করেছি। এখনো চাকরি হয়নি। আবার বাড়িতেও ফিরে যেতে পারছি না, কারণ সেখানে চাকরির জন্য পড়াশোনা ও নিয়ন্ত্রিত জীবনযাপনের সহায়ক পরিবেশ নেই। সেই সাথে বিয়ের জন্য পীড়াপীড়ি নিত্যদিনের সঙ্গী। তাই কর্মজীবী নারী হোস্টেল আমার জন্য সবচেয়ে নিরাপদ আবাস।

এতে করে একদিকে কর্মজীবী নারীদের আবাসন সংকট যেমন বাড়ছে, অন্যদিকে নেতিবাচক প্রভাব পড়ছে ক্রমাগত। খাবারের মান হয়ে পড়ছে নিম্নমুখী। একই সাথে দ্রুত খাবার শেষ হয়ে যাওয়াসহ পরবর্তীতে রান্না করলেও দেখা যাচ্ছে, ক্যান্টিনে ভাত আছে, কিন্তু তরকারি শেষ হয়ে গেছে।

তবে সংকটের শুধু এখানেই শেষ নয়। চাকরিজীবীদের কর্মহীন বোর্ডারদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হবার সাথে চুরিসহ বিভিন্ন অভিযোগ নিয়মিত পাওয়া যাচ্ছে। ভুয়া কর্মজীবী সনদ দেখিয়ে অনেক ভুয়া কর্মজীবী এখানে বসবাস করছে। প্রশাসন অনেক ক্ষেত্রে এ বিষয়গুলো অবগত থাকলেও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার অভাবে সংকট ক্রমশ আরো বেশি ঘনীভূত হচ্ছে। ক্রমেই নীলক্ষেত কর্মজীবী নারী হোস্টেল কর্মহীন নারীদের অভয় আশ্রমে রূপান্তরিত হবার পাশাপাশি তৈরি করেছে নানা প্রশ্ন।