আইএমএফ- বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন ঘিরে ব্যাংককে কঠোর নিরাপত্তা

ব্যাংকক (থাইল্যান্ড) থেকে এস এম সাইফ আলী
ব্যাংকক (থাইল্যান্ড) থেকে এস এম সাইফ আলী
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৬ ১৯:৩৬:৪১

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সম্মেলন সামনে রেখে থাইল্যান্ডজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠেয় এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৯০টি দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে থাই রয়্যাল পুলিশ ও ব্যাংকক মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্মেলনের প্রধান ভেন্যু কুইন সিরিকিত ন্যাশনাল কনভেনশন সেন্টার (কিউএসএনসিসি), অভ্যর্থনা অনুষ্ঠানস্থল ‘ওয়ান ব্যাংকক ফোরাম’ এবং গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য নির্ধারিত ২২টি বিলাসবহুল হোটেলকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। থাই রয়্যাল পুলিশের প্রধানের সরাসরি নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে বিশেষ প্রশিক্ষিত কে-নাইন (K-9) ইউনিটের মহড়াও অনুষ্ঠিত হয়েছে।

বিস্ফোরক শনাক্তে কে-নাইন ও বোমা নিষ্ক্রিয়কারী দল সম্মেলনস্থল, পার্কিং এলাকা, আশপাশের পার্ক এবং গুরুত্বপূর্ণ অতিথিদের আবাসিক হোটেলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ শাখা ও বিশেষ প্রশিক্ষিত কে-নাইন ডগ স্কোয়াড। এসব দলের সদস্যরা বিস্ফোরক, অস্ত্র ও সন্দেহজনক বস্তু শনাক্ত করতে কাজ করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সার্বক্ষণিক নজরদারি ও টহলের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে পর্যটন পুলিশ সম্মেলনস্থল ও আশপাশের বেনজাকিত্তি পার্ক এলাকায় স্মার্ট মোবাইল অপারেশনাল ইউনিট এবং পর্যবেক্ষণ ড্রোন ব্যবহার করে নজরদারি চালাচ্ছে। এর মাধ্যমে সন্দেহজনক তৎপরতা পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত সম্মেলনের প্রধান ভেন্যু এবং গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য নির্ধারিত হোটেলগুলোর ১০০ মিটারের মধ্যে জনসভা, মিছিল ও বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। সম্মেলন চলাকালে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক পরিকল্পনা

সম্মেলন উপলক্ষে ব্যাংককের কেন্দ্রীয় এলাকায় সম্ভাব্য যানজট কমানো এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহর নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এ কার্যক্রমে ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার (১১৯৭) এবং ট্রাফিক পুলিশ নির্দেশনা দিচ্ছে।

রাচাদাফিসেক রোড, আসোক-সুকুমভিত এলাকা, রামা ৪ রোড এবং দুই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রস্থলে প্রবেশের সংযোগ সড়কগুলোতে যান চলাচলের চাপ বাড়তে পারে। এ কারণে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা ও সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

গণপরিবহন ব্যবহারে উৎসাহ:

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে যানজট নিয়ন্ত্রণে রাখতে যাত্রীদের বিটিএস (BTS), এমআরটি (MRT)সহ বৈদ্যুতিক রেল যোগাযোগব্যবস্থা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

ওয়ার্ক ফ্রম হোম ও বিশেষ ছুটি: যানবাহনের চাপ কমাতে ব্যাংকক সিটি করপোরেশন নির্দিষ্ট দিনগুলোতে সরকারি কর্মচারীদের জন্য বাসা থেকে কাজ করার ব্যবস্থা এবং ১৬ অক্টোবর বিশেষ ছুটি কার্যকরের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

জরুরি প্রয়োজনে হটলাইন

সম্মেলনকে ঘিরে সার্বিক নিরাপত্তা বজায় রাখতে থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে জরুরি পুলিশ সেবা ১৯১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া পর্যটকদের সহায়তার জন্য ট্যুরিস্ট পুলিশ হটলাইন ১১৫৫ এবং যান চলাচলের সর্বশেষ তথ্য জানতে ট্রাফিক হটলাইন ১১৯৭ নম্বর ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। নম্বরগুলোতে ২৪ ঘণ্টা যোগাযোগের কথা জানানো হয়েছে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের এই বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি সেবার সমন্বয়ের মাধ্যমে ব্যাংককে আন্তর্জাতিক প্রতিনিধিদের নির্বিঘ্ন চলাচল ও সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।