এবার দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা মনিটরিং : স্বরাষ্ট্রমন্ত্রী

এবার দুর্গাপূজায় এক দিন ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সনাতন ধর্মাবলম্বীদের নেতারা এ সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।আজ বুধবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুর্গাপূজা উপলক্ষে ছুটি বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে দুর্গাপূজায় সরকারি ছুটি ছিল এক দিন। অন্তর্বর্তী সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে তা আরেক দিন বাড়ানো হয়েছিল। এবার আরো এক দিন বাড়ানো হয়েছে। ফলে পূজা উপলক্ষে সরকারি ছুটি দাঁড়িয়েছে তিন দিন। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কার্যত টানা পাঁচ দিন ছুটি থাকবে।’
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে বিভাগ ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং ব্যবস্থা থাকবে। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত জানাতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) একটি অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিদ্যুৎ চলে গেলে বিকল্প হিসেবে জেনারেটর প্রস্তুত রাখতে হবে। কোনো কারণে জেনারেটরও কাজ না করলে চার্জার লাইটসহ বিকল্প আলোর ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সবার সহযোগিতা ও নজরদারিতে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদী মন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা কোনো ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের খবর পাইনি। তবে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, সবাই সতর্ক আছে। কোনো মণ্ডপ ঝুঁকিপূর্ণ বলে তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি যোগ হয়েছে। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি অফিস বন্ধ থাকবে।
