কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাইল বিএফআইইউ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১৫:১৬:০৯

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইল বার্তায় তাঁর হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইলে সালমান মোহাম্মদ মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউর পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর কেওয়াইসি ও হিসাব বিবরণীর সফট কপি দিতে বলা হয়েছে। পাশাপাশি সংযুক্ত এক্সেল ফাইলে তাঁর হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস)-সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়।

বার্তায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল (GoAML) মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএফআইইউর একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, বিএফআইইউর এই বার্তা দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক রয়েছে। এদিকে সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। দুর্বৃত্তরা তাঁর কার্যালয়ে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

ঘটনার পর সালমান মুক্তাদির প্রথমে অভিযোগ করেন, বিএনপির লোকজন তাঁর কাছে চাঁদা চেয়েছিল। তবে পরে তিনি জানান, তাঁর কাছে চাঁদা চাওয়া হয়নি। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ ব্যাপক পরিচিতি ও ভাইরাল জনপ্রিয়তা পাওয়া ব্যক্তিরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।