আ.লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত দেবে আদালত: তথ্য উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, সেটি আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। ফলে কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করলে তা আইন লঙ্ঘনের শামিল হবে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি বলেন, “লুটপাটকারী, মাফিয়া, চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না। আওয়ামী লীগের সেই নৈতিক সাহসও নেই। তারপরও সরকার জনগণের নিরাপত্তার স্বার্থে যেখানে ঝুঁকি বেশি মনে করেছে, সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে।”
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দাবি করেন, আওয়ামী লীগের বড় ধরনের কোনো সক্ষমতা নেই। তবে, অর্থ ও সাংগঠনিক নেটওয়ার্ক ব্যবহার করে বিচ্ছিন্ন নাশকতার চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকেই সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
তিনি বলেন, “জুলাই আন্দোলনে মানুষ জীবনবাজি রেখে রাজপথে নেমেছিল নৈতিক শক্তির কারণে।” আওয়ামী লীগের সেই ধরনের নৈতিক অবস্থান নেই বলেই তিনি মনে করেন।
