কোর্ট খুললে সংক্রমণের ঝুঁকি বাড়বে : প্রধান বিচারপতি

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: মে ২, ২০২১ ১৬:৫৮:৫৫  আপডেট :  মে ২, ২০২১ ১৮:১৫:৪৪

করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে হাইকোর্ট বিভাগের সব কোর্ট খুলে দিলে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার মামলার কার্যক্রম পরিচালনাকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, ঢাকা জজ কোর্টে দেখলাম হাজার হাজার লোক। সবাই গা লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমার কাছে ভিডিওটি এখনও আছে। আমরা কী করবো? আমরা যদি ভার্চুয়ালি সব কোর্ট ওপেন করি, আমাদের এখানেও প্রতিদিন অন্তত তিন হাজার লোকের সমাগম হবে। কোর্টের ভেতরে জায়গা হয় না। মানুষ ঈদগাহ মাঠে, কোর্টের বিভিন্ন জায়গায় বসে থাকে।

এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, শনিবার ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে করোনায় একদিনে তিনজন অ্যাডভোকেট অন রেকর্ড মারা গেছেন।

প্রধান বিচারপতি বলেন, আমি তো চাই সব কোর্ট ভার্চ্যুয়ালি চলুক। বাসায় বসে কোর্ট পরিচালনা করুক। কিন্তু লোকজন যে চলে আসে। এফিডেভিট করতে আসবে, এটা করতে আসবে, সেটা করতে আসবে। আমাদের লইয়ারদেরও তো সাংঘাতিক অসুবিধা।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ সপ্তাহে তিনদিন এবং দুইদিন চেম্বার আদালত ভার্চ্যুয়ালি বিচার কাজ পরিচালনা করছেন।

অপরদিকে, হাইকোর্ট বিভাগে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করছেন ৯ টি বেঞ্চ। এরমধ্যে আইনজীবীরা আরও বেশি বেঞ্চ দেওয়ার জন্য বার বার প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়ে আসছিলেন।