বান্দরবান বন বিভাগের টংকাবতীতে ৬টি হাতি দিয়ে চলছে সংরক্ষিত বন উজাড়ের মহোৎসব: জোত পারমিট ও কাঠ পাচার সিন্ডিকেটে ফরেস্টার জয়ন্ত কুমার রায়ের কোটি টাকার সাম্রাজ্য

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬ ১৮:৩৩:৪৮  আপডেট :  নভেম্বর ১৭, ২০২৬ ২২:০১:৪৫

পার্বত্য জেলা বান্দরবানের সবুজ পাহাড়, সংরক্ষিত বনাঞ্চল এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য আজ এক শ্রেণির অসাধু ও অর্থলোভী বন কর্মকর্তার প্রাতিষ্ঠানিক দুর্নীতির করাল গ্রাসে বিলুপ্তির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। বান্দরবান বন বিভাগের প্রশাসনিক কাঠামোকে ঢাল হিসেবে ব্যবহার করে কতিপয় রেঞ্জ কর্মকর্তা বনাঞ্চল রক্ষার পরিবর্তে সংরক্ষিত গাছ পাচার, সরকারি বনভূমি জবরদখল এবং বিপন্ন বন্যপ্রাণী পাচারের মাধ্যমে বনকে ব্যক্তিগত মুনাফা অর্জনের লাভজনক ব্যবসায় পরিণত করেছেন।

এই সর্বগ্রাসী লুটপাটের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ‘অবৈধ জোত পারমিট স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত ফরেস্টার জয়ন্ত কুমার রায়। বান্দরবান বন বিভাগে যোগ্য ও জ্যেষ্ঠ ডেপুটি রেঞ্জার কর্মরত থাকা সত্ত্বেও নিয়মনীতির তোয়াক্কা না করে জোরালো তদবির ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি গুরুত্বপূর্ণ টংকাবতী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার পদটি বাগিয়ে নেন। আর এই দায়িত্ব গ্রহণের পর থেকেই টংকাবতী রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয়েছে হাতি ব্যবহার করে দিন-রাত কাঠ পাচারের এক নজিরবিহীন তাণ্ডব। 

​অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা যায় টংকাবতী রেঞ্জের দুর্গম চিনিপাড়া, রঙ্গিনমুখ, রঙ্গি খাল ও ফুলতলা এলাকায় মহরম, রহিম কোম্পানি, কালু মেম্বার, জয়নাল এবং মহরমের ভাইয়ের মালিকানাধীন মোট ৬টি হাতি স্থায়ীভাবে অবস্থান করছে। রেঞ্জ কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের প্রত্যক্ষ মদদ ও অলিখিত ‘লাইন’ পেয়ে এই ৬টি হাতি ব্যবহার করে সংরক্ষিত বনাঞ্চল ও স্থানীয় পাড়াবন থেকে দিনে-রাতে অবাধে গর্জন, চম্পা, বৈলাম, জারুল, শিউরী, গোদা এবং গুটগুটিয়ার মতো অত্যন্ত মূল্যবান ও কর্তন নিষিদ্ধ শতবর্ষী মাদার ট্রি কেটে ফেলা হচ্ছে।

দুর্গম পাহাড়ের গহিন থেকে কাটা গাছের গুঁড়িগুলো এই হাতিগুলো দিয়ে টেনে সড়কের পাশে নিয়ে আসা হয় এবং সেখানে দ্রুত ড্রেসিং করে রাতের অন্ধকারে টিএস, ডাম্পার ও জীপ গাড়িতে বোঝাই করে কেরানীহাট, লোহাগাড়া ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হয়। এই অবৈধ প্রক্রিয়াকে নিরাপদ রাখতে ফরেস্টার জয়ন্ত কুমার রায় প্রতিটি হাতির জন্য ১ লক্ষ টাকা এবং কাঠ পাচারকারী প্রতিটি গাড়ির জন্য ১০ হাজার টাকা করে চাঁদার হার নির্ধারণ করে দিয়েছেন, যার মাধ্যমে তিনি নিয়মিত লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন।  
​অধিকতর তদন্তে ফরেস্টার জয়ন্ত কুমার রায়ের অতীত কর্মকাণ্ডের ভয়াবহ দুর্নীতির চিত্রও প্রকাশ্যে এসেছে।

টংকাবতীতে যোগদানের পূর্বে রোয়াংছড়ি উপজেলার খেয়াচ্যলং রেঞ্জে দায়িত্ব পালনকালে তিনি অফিস সহকারী সুশান্ত কুমার সরকারকে ব্যবসায়িক পার্টনার হিসেবে সাথে নিয়ে ভুয়া জোত পারমিটের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। খেয়াচ্যলং রেঞ্জের অন্তর্ভুক্ত ৩১৭ নং ক্যাচলং মৌজা এবং ৩৪৯ নং ঘেরাউ মৌজায় ব্যক্তিমালিকানাধীন জোতের হোল্ডিং সংখ্যা অত্যন্ত নগণ্য এবং জয়ন্ত কুমার দায়িত্ব গ্রহণের আগেই ওই দুই মৌজার বৈধ হোল্ডিংয়ের জোত ইস্যুর প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও তিনি মাত্র ১ বছরের ব্যবধানে ৩৮টি জোত পারমিট ইস্যু করেন, যার বিপরীতে প্রায় তিন লক্ষ ঘনফুট মূল্যবান বন্য কাঠ উজাড় করা হয়েছে।

কাগজের এই ভেলকিবাজিতে জয়ন্ত কুমার ও অফিস সহকারী সুশান্ত কুমার সরকার বান্দরবান জেলা শহরে বসেই এলাকার নিরীহ ও দরিদ্র আদিবাসীদের নামে কৃত্রিম হোল্ডিং তৈরি করতেন এবং একই হোল্ডিং বারংবার ব্যবহার করে এসিল্যান্ড অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে ভুয়া ‘এ-ফরম’ বের করতেন। এমনকি জোতভূমিতে সরেজমিনে না গিয়ে শহরে বসেই কৃত্রিমভাবে খাঁড়া মার্কা ও পাশ মার্কা তৈরি করে তিনি মাত্র ১ বছরেই ২ কোটি টাকা মাসোহারা আদায় করেছেন এবং খেয়াচ্যলং রেঞ্জ থেকে অবৈধ সেগুন, গামার, চম্পা, বৈলাম, গোদা ও গুটগুটিয়া গোল ও রদ্দা কাঠ পাচার করে আরও ৫০ লক্ষ টাকা চাঁদা ঘরে তুলেছেন।

​খেয়াচ্যলং রেঞ্জের এই পাহাড়সম দুর্নীতি ও কুকীর্তি ধামাচাপা দিতেই বছর শেষে জয়ন্ত কুমার রায় তড়িঘড়ি করে টংকাবতী রেঞ্জে বদলি হয়ে সাময়িকভাবে ঘাপটি মেরে থাকেন। কিন্তু অবৈধ টাকার নেশায় বুঁদ এই কর্মকর্তা বেশিদিন আড়ালে থাকতে পারেননি; কিছুদিনের মধ্যেই পুনরায় অফিস সহকারী সুশান্ত কুমার সরকারের মাধ্যমে ৫ লক্ষ টাকা মাসোহারার চুক্তিতে তিনি মূল কর্মস্থল টংকাবতী রেঞ্জের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বান্দরবান সদর রেঞ্জের সহযোগী কর্মকর্তার লোভনীয় পদটি বাগিয়ে নেন।

টংকাবতী রেঞ্জের দায়িত্ব কেবল নামকাওয়াস্তে রেখে তিনি সার্বক্ষণিক বান্দরবান জেলা শহরে অবস্থান করে ট্রানজিট পাসের (টিপি) গাড়ি লোডিংয়ের কাজ নিয়ন্ত্রণ করছেন। অভিযোগ রয়েছে, তার তত্ত্বাবধানে লোড হওয়া প্রতিটি টিপির গাড়িতে বৈধ কাঠের আড়ালে সরকারের কর্তন নিষিদ্ধ চম্পা, গর্জন, গোদা, গুটগুটিয়া ও শিউরী রদ্দা পাচার করা হচ্ছে, যা জয়ন্ত কুমারের লোডিংকৃত গাড়িগুলো পুনরায় তল্লাশি করলেই হাতেনাতে প্রমাণিত হবে। পাশাপাশি বান্দরবান বন বিভাগের বিশেষ টহল টিমের সহকারী দলনেতা পদের প্রভাব খাটিয়ে তিনি শহর থেকে অবৈধ কাঠের গাড়ির নিরাপদ লাইন দিয়ে গত ১ বছরে আরও প্রায় ১ কোটি টাকা চাঁদা আদায় করেছেন।  
​এই পরিকল্পিত ও নির্বিচার বৃক্ষ নিধনের ফলে পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাণী, পরিবেশ এবং জলবায়ু ব্যবস্থায় এক অপূরণীয় ও ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে।

একটি পরিণত প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস হওয়ার অর্থ কেবল মূল্যবান গাছ হারিয়ে যাওয়া নয়, বরং এর সাথে বিলুপ্তির চরম ঝুঁকিতে পড়েছে অসংখ্য বিরল উদ্ভিদ, অণুজীব এবং এশীয় হাতি, মায়াহরিণ, উল্লুক ও বিভিন্ন প্রজাতির পাখি ও সরীসৃপের নিরাপদ আবাসস্থল। বনের গহিনে নির্বিচারে গাছ কাটা ও হাতি দিয়ে টেনে বনের ভেতর রাস্তা তৈরির ফলে বন্যপ্রাণীর প্রাকৃতিক বিচরণক্ষেত্র সংকুচিত হয়ে পড়ছে, যার ফলে লোকালয়ে বন্যপ্রাণীর অনুপ্রবেশ ও মানুষ-বন্যপ্রাণী সংঘাত আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

তদুপরি, পাহাড়ের সবুজ আচ্ছাদন বা ক্যানোপি ধ্বংস হওয়ার কারণে পাহাড়ের মাটি আলগা হয়ে ব্যাপক ভূমিক্ষয় সৃষ্টি হচ্ছে, যা বর্ষা মৌসুমে ভয়াবহ পাহাড়ি ঢল ও প্রাণঘাতী ভূমিধসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। একই সাথে প্রাকৃতিক ঝিরি, ঝর্ণা ও পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পার্বত্য অঞ্চলে তীব্র পানি সংকট দেখা দিচ্ছে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই প্রধান প্রাকৃতিক রক্ষাকবচটি সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ছে।  

​রোয়াংছড়ি উপজেলার খেয়াচ্যলং ও টংকাবতী অঞ্চলের পরিবেশবাদী সংগঠন এবং স্থানীয় সচেতন নাগরিকদের জোরালো দাবি, ফরেস্টার জয়ন্ত কুমার রায় ও অফিস সহকারী সুশান্ত কুমার সরকারের এই অসাধু চক্রটি সরকারি বৈধ কাগজপত্রের আড়ালে এলাকার সহজ-সরল ও দরিদ্র আদিবাসীদের নামে ভুয়া হোল্ডিং সাজিয়ে তাদের চরমভাবে ঠকিয়েছে এবং সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে নিজেরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাষ্ট্রীয় বনজ সম্পদ বাঁচাতে অবিলম্বে টংকাবতী রেঞ্জে অবস্থানরত ওই ৬টি হাতি জব্দ করে কাঠ পাচার বন্ধ করা, খেয়াচ্যলং রেঞ্জের ৩৮টি জোত পারমিটের নথি পুনঃতদন্ত করা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পরিবেশ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ফরেস্টার জয়ন্ত কুমার রায় ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।