কিডনি রোগীদের ডেঙ্গু চিকিৎসা নিয়ে নিকডুতে আলোচনা সভা

কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনা, জটিলতা প্রতিরোধ ও সমন্বিত চিকিৎসা পদ্ধতি নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু)-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ৮টায় নিকডুর মাল্টিপারপাস অডিটোরিয়ামে নিকডু শিক্ষক সমিতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কিডনি রোগীদের ডেঙ্গু সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকি মূল্যায়ন, তরল ব্যবস্থাপনা, কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণ, ডেঙ্গুর বিভিন্ন জটিলতা এবং প্রয়োজন অনুযায়ী ডায়ালাইসিসসহ চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকেডি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম ও নিকডুর পরিচালক অধ্যাপক ডা. মো. রাশেদ আনোয়ার। নিকডু শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মশিউর আরেফিনের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবির হাসান সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. আ ন ম এহসানুল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেফ্রোলজি বিভাগের ডা. আল মাহমুদ। বক্তারা বলেন, কিডনি রোগীদের ডেঙ্গু সংক্রমণ হলে চিকিৎসা ব্যবস্থাপনা জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে তরল ব্যবস্থাপনা, কিডনির কার্যকারিতা, রক্তক্ষরণজনিত জটিলতা এবং ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা নির্ধারণে চিকিৎসকদের সতর্কতা ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের রোগীদের চিকিৎসায় নেফ্রোলজি, ইউরোলজি, মেডিসিনসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা সভা শেষে হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. কবির আলম, ডা. ফজল নাসের, অধ্যাপক ডা. সুহেল আল মুজাহিদ, ডা. ফেরদৌস মাহমুদ ফয়সল, ডা. মো. নজরুল ইসলাম মৃধা, ডা. মো. রোকনুজ্জামান খান, ডা. মো. আসাদুজ্জামান, অধ্যাপক ডা. মরিয়ম মোবাশ্বেরা, ডা. মমতাজ, ডা. আবু সাঈদ মোহাম্মদ মোর্শেদ, ডা. ফজলে এলাহী, সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, ডা. মো. মনোয়ারুল ইসলাম, ডা. মো. আসাদুজ্জামান রাজীব, ডা. মো. গাজী আরিফুর রহমান, আবাসিক সার্জন ডা. মো. সানাউল্লাহ, সহকারী অধ্যাপক ডা. সৈয়দ রানা কবীর, ডা. লিয়াকত আলী, ডা. জায়েদ এহসান, আবাসিক চিকিৎসক ডা. মাহমুদ হাসান সবুজ, ডা. বায়েজিদ হোসেনসহ নেফ্রোলজি, ইউরোলজি, পেডিয়াট্রিক নেফ্রোলজি ও প্যারাক্লিনিক্যাল বিভাগের তিন শতাধিক চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
