সিতারা পারভীন পুরস্কার পেলেন সানজানা জেবিন ছোঁয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রবর্তিত ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন সানজানা জেবিন ছোঁয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার হিসেবে সনদপত্র ও আর্থিক সম্মাননা দেয়া হয়েছে তাঁকে। অনার্স ফাইনাল পরীক্ষায় মেধা তালিকায় থাকা ১ম ১০ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে একই বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ছোঁয়া অনার্স ফাইনাল পরীক্ষায় ১ম শ্রেণিতে ৫ম স্থান অধিকার করেছিলেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। অতিথি বক্তা ছিলেন গণমাধ্যম পরামর্শক, লেখক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা। অনুষ্ঠানে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্লেষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস। একই বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উল্লেখ করা প্রয়োজন, সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সিতারা পারভীন। তাঁর স্মরণে পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ চালু করা হয়।
ছোঁয়া বলেন, আমাদের দেশে প্রচলিত নিয়মে মেয়েদের বিয়ে হয়ে গেলে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এক্ষেত্রে তার ব্যতিক্রমী উদাহরণ আমি। ব্যক্তিগত উদ্যম, আন্তরিক সদিচ্ছা, গভীর মনোযোগ আর অধ্যবসায় আমাকে এই সাফল্য এনে দিয়েছে।
ছোঁয়া আরো জানান, ডিপার্টমেন্টের শিক্ষকদের পাশাপাশি এই সাফল্যের ক্ষেত্রে তাঁর হাসব্যান্ডের উদারতা ও সেক্রিফাইস এবং শিক্ষক শ্বশুর আর শিক্ষিকা শাশুড়ী মায়ের উৎসাহ-উদ্দীপনাও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
ছোঁয়ার এই সাফল্যের মূল কৃতিত্ব ছোঁয়ারই। সমৃদ্ধির শেকড় থেকে শিখরে আরোহণের লক্ষ্যে ছোঁয়ার এই পথচলা অব্যাহত থাক।
উল্লেখ্য, ছোঁয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ও মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান শিকদার এবং কাজী ফারজানা ইয়াসমিন লিমার একমাত্র কন্যা।
