মাথাপিছু আয় দিয়ে জলবায়ুর ক্ষত মাপা যায় না, বাংলাদেশের দাবি—বরাদ্দ হোক ঝুঁকি ও ক্ষয়ক্ষতির ভিত্তিতে।

জলবায়ু তহবিলের অর্থ বরাদ্দে মাথাপিছু আয় নয়, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও ক্ষয়ক্ষতিকে প্রধান মাপকাঠি করার দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন, ক্ষতিপূরণ তহবিলের অর্থ দ্রুত ছাড় এবং জলবায়ু মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটি। তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের আয়োজন করা হয়েছে তুরস্কের আনতালিয়া এক্সপো সেন্টারে। ‘বাস্তবায়নের কপ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা এবং আগের সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশও সম্মেলনে নিজেদের স্বার্থ ও দাবিদাওয়া তুলে ধরছে।
বাংলাদেশের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ঋণনির্ভর জলবায়ু অর্থায়নের পরিবর্তে সহজ শর্তে পর্যাপ্ত অনুদান নিশ্চিত করা। দেশের যুক্তি, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ গ্রহণ করলে উন্নয়নশীল দেশগুলোর ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় অনুদানভিত্তিক অর্থায়ন বাড়ানো জরুরি।
এ ছাড়া ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিলের অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ও সরাসরি অর্থ পৌঁছানোর ওপর জোর দেওয়া হয়েছে।
জলবায়ু অর্থায়নে মাথাপিছু আয়কে প্রধান মাপকাঠি করার বিরোধিতা করে বাংলাদেশ বলছে, একটি দেশের আয় কিছুটা বাড়লেও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও ঝুঁকি কমে যায় না। বাংলাদেশের বার্ষিক জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় নিয়ে অর্থ বরাদ্দের ক্ষেত্রে ‘মাথাপিছু আয়’ নয়, বরং ‘জলবায়ু ঝুঁকি’কে অগ্রাধিকার দিতে হবে। আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও আওতা বাড়ানোর দাবিও তুলেছে দেশটি।
অন্যদিকে, সীমিত ভূখণ্ড ও জমির সংকটের কারণে বাংলাদেশে বড় পরিসরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর ও আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে তৈরি পোশাকশিল্পের মতো শ্রমঘন খাতে জ্বালানি রূপান্তরের সময় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ শ্রমিকদের স্বার্থ ও কর্মসংস্থান সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
আনতালিয়া সম্মেলনের আলোচ্যসূচিতে ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশ বিদ্যুতায়নের মাধ্যমে পূরণের প্রস্তাব রয়েছে। বিশ্বজুড়েই উন্নয়নশীল দেশগুলোকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও সীমিত ভূমির দেশের জন্য এ রূপান্তর বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তিগত সহায়তা এবং বাস্তবসম্মত পরিকল্পনা।
এদিকে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশকে তিন বছরের অতিরিক্ত প্রস্তুতির সময় দেওয়ায় ২০২৯ সাল পর্যন্ত জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকারমূলক সুযোগ কাজে লাগানোর সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ সময়ের মধ্যে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) আওতায় যত বেশি প্রকল্প অনুমোদন করানো সম্ভব হবে, দেশের দীর্ঘমেয়াদি জলবায়ু অভিযোজন ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে তা তত বেশি সহায়ক হবে।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর চাহিদা ও ক্ষয়ক্ষতির তুলনায় আন্তর্জাতিক তহবিল থেকে প্রাপ্ত অর্থ এখনো পর্যাপ্ত নয়। আবার অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি পাওয়া গেলেও প্রকল্প অনুমোদন, প্রশাসনিক জটিলতা ও অর্থ ছাড়ের দীর্ঘ প্রক্রিয়ার কারণে তা বাস্তবে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। ফলে শুধু তহবিল গঠন বা অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সময়মতো অর্থ পৌঁছানোই হওয়া উচিত আন্তর্জাতিক জলবায়ু সহযোগিতার অন্যতম প্রধান লক্ষ্য।
জলবায়ু ন্যায়বিচার কেবল সম্মেলনের মঞ্চে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এর বাস্তব প্রতিফলন ঘটতে হবে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায়। আনতালিয়ার সম্মেলনে বাংলাদেশ যে দাবি ও প্রত্যাশা তুলে ধরেছে, সেগুলো আন্তর্জাতিক সিদ্ধান্ত ও বাস্তব পদক্ষেপে কতটা প্রতিফলিত হয়, এখন সেটিই দেখার বিষয়।
