‘ককরোচ’দের পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা অপর্ণা সেনের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬ ১৭:২৪:১১

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীরা তেলাপোকা জনতা পার্টির (সিজিপি) নেতৃত্বে এক মাসের বেশি সময় ধরে ‘নিট’ প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন। সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবীণ চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন মতামত জানিয়েছেন। পরিবর্তন চেয়ে আন্দোলনে নামা দেশের তরুণদের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। এই চলচ্চিত্র নির্মাতা ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে বলেছেন, ‘আমার নাম অপর্ণা সেন। আমি শুধু বলতে চাই যে আমি আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে গণতান্ত্রিক ভিন্নমতের অর্থ শিখেছি।

আমি তাদের কাছ থেকে শিখেছি কীভাবে সংবিধানে বিশ্বাস রাখতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। আমি আমাদের অনেকের মতোই এতটাই মনোবলহীন, এতটাই হতাশ, এতটাই হতোদ্যম হয়ে পড়েছিলাম যে ভাবছিলাম, কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে কী লাভ। যেটাকে আমরা গণতান্ত্রিক অধিকার বলে মনে করি, তা চেয়েই বা কী লাভ...”। তিনি আরও বলেন, এই ছাত্রছাত্রীরা আমাকে আশার আলো দেখিয়েছে। তারা আমাকে দেখিয়েছে যে এটা করা সম্ভব।

তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী, তারা শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে, সম্পূর্ণ সংবিধান মেনে প্রতিবাদ করেছে এবং বিশ্বাস করে যে তাদের কথা শোনা হবে। এই বিষয়টি এতটাই হৃদয়স্পর্শী যে আমি... গত সারারাত আমি শুধু কেঁদেছি। আমি মনে মনে ভাবছিলাম, এই শিশুরা কত সাহসী, কত দৃঢ়চেতা, কত নির্ভীক। তাদের কাছ থেকে আমরা কত বড় শিক্ষা নিতে পারি। আমি শুধু মনে মনে তাদের জন্য মন থেকে আশীর্বাদ করতে এবং ‘শাবাশ (সাবাশ)!’ বলতে পারছিলাম। আমরা তোমাদের কাছ থেকে শিখতে পারি, ধন্যবাদ!

ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, ২০শে জুলাই ছিল এক অবিস্মরণীয় রাত! যখন আমরা উদাসীন হয়ে পড়েছিলাম, তখন আমাদের সন্তানরা আমাদের পথ দেখিয়েছে। যেভাবে সেই নিরস্ত্র শিশুদের মারধর করা হয়েছে, তাতে আমি ক্ষুব্ধ! ওদের এত সাহস কী করে হয়। আমাদের জাতির ভবিষ্যৎকে আঘাত করার সাহস ওদের কী করে হয়? এই শিশুদের মধ্যে কেউ কেউ হবে আমাদের ভবিষ্যৎ নেতা, ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক এবং শিল্পী! আর আমরা তাদের লালন-পালন করার পরিবর্তে মারধর করি। এটা অগ্রহণযোগ্য। জাতিকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। এখনই সময়, নয়তো আর কখনো নয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জন। বিশেষ করে চলচ্চিত্র জগতের শীর্ষ স্থানীয় নির্মাতা ও অভিনেতা অভিনেত্রীরা এগিয়ে এসে সমর্থন জানিয়েছেন। শাবানা আজমি, প্রকাশ রাজের মতো অভিনেতারা আন্দোলনে অংশগ্রহণও করেন। আলিয়া ভাট, অরিজিৎ সিং, নাসিরুদ্দিন শাহ, কারিনা কাপুর প্রমুখরা সমর্থন জানিয়ে সমাজ মাধ্যমে মতামত দিয়েছেন। বাংলা চলচ্চিত্র জগতের দেব ও জিৎ-র মতো নায়করাও আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়েছেন।

জেএএ