হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৬ জনে পৌঁছেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে আরও ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগের দিন, সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে একজন শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয় এবং আরও ৮৯৬ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা দেয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।
জেএএ
