ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে নাম থাকা প্রসঙ্গে চিত্রনায়িকা পূজা চেরির পোস্ট

বেলায়েত হোসেন
বেলায়েত হোসেন
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪ ১৮:০৪:০৫

বর্তমান সময়ের পরিচিত মুখ চিত্রনায়িকা পূজা চেরি।সম্প্রতি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন পূজা চেরি। যা কেবলই মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য। এ নিয়ে কথা বলেছেন এ নায়িকা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাতটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট করেন। তিনি স্ট্যাটাসে লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। তারকাদের নিয়ে মানুষের একটা কৌতূহল থাকে কিন্তু আজকে যে বা যারা এই রিউমারসটা ছড়িয়েছেন তাই এটা নিয়ে কিছু বলা উচিত। এটা শুধু রিউমারস পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমারস করা আসলে উচিত না, যেই রিউমারস জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

সবশেষে এই নায়িকা বলেন, ‘আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।’