চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই

স্ত্রীর মৃত্যুর একদিন পরই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের অন্যতম সফল চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। উত্তরার নিজ বাসায় তিনি ঘুমের মধ্য মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। গতকাল বুধবার তিনি উত্তরার নিজ বাসায় ঘুমের মধ্য মারা যান। পরে ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবরটি নিশ্চিত করেন নির্মাতা কাজী হায়াৎ ও চিত্রনায়ক ওমর সানি। এর আগে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন সোহানুর রহমান সোহানের স্ত্রী। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান।
শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি। নব্বই দশকের আলোচিত এই পরিচালক শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ১৯৭৭ সালে। প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমার নাম ‘বিশ্বাস অবিশ্বাস’।
সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে খ্যাতি লাভ করেন। তার পরিচালিত আলোচিত সিনেমাগুলো হলো- ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।
