প্রধান বন সংরক্ষক ক্ষুব্ধ

নিয়ন্ত্রনকারী কর্মকর্তাদের উদাসীনতায় ফরেস্ট রেঞ্জার থেকে বাগান মালি পর্যায়ে ইউনিফরম পরিধান আইন কার্যকর হচ্ছে না

স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩ ২১:৫৪:৫৬

ইউনিফরম একটি ডিপার্টমেন্টের পরিচয় বহন করে। দেশের প্রতিটি ইউনিফরমধারী ডিপার্টমেন্টের সদস্যদের ইউনিফরম পরিধান করা দায়িত্ব এবং কর্তব্য। দেশের অন্যান্য ইউনিফরমধারী ডিপার্টমেন্টের সদস্যদের ইউনিফরম পরিধানে চিঠি ইস্যু করার নজির পরিলক্ষিত হয় না। অন্যান্য ডিপার্টমেন্টের সদস্যরা নিজেদের দায়িত্ব এবং কর্তব্যকে গুরুত্ব দিয়ে নিজের ডিপার্টমেন্টকে পরিচয়ার্থে ইউনিফরম পরিধান করে দায়িত্ব পালনে নিজেকে গর্ববোধ করেন। একমাত্র ব্যতিক্রম বনবিভাগ!

বন অধিদপ্তর বন সদস্যদের ইউনিফরম পরিধানে চিঠি ইস্যু করে বারবার সতর্ক করার পরও কার্যকর হচ্ছে না। যা উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ অবমাননা ও শাস্তিযোগ্য অপরাধ। আবার সরকারি পরিপত্র অনুযায়ী বন কর্মচারীদের ইউনিফরম পরিধানের বিধান রয়েছে। গত ২৬ আগস্ট খোদ প্রধান বন সংরক্ষক টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন সৃজিত বাগান এবং উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শনে গেলে দেখতে পান টাঙ্গাইল বন বিভাগের রেঞ্জারগন কেউই ইউনিফরম পরিধান না করেই তার সম্মুখে হাজির হয়েছেন।

যথাযথভাবে ইউনিফরম পরিধান করা তার আচরণের অংশ। একই সময়ে ময়মনসিংহ বন বিভাগের রসুলপুর রেঞ্জের ফরেস্ট রেঞ্জার সুমন মিয়া ও প্রধান বন সংরক্ষকের সাথে টাঙ্গাইল বন বিভাগে সাক্ষাৎ করতে আসেন ইউনিফরম ছাড়া। ইউনিফরম বিহীন বন কর্মচারীগণের এহেন উপস্থিতিতে প্রধান বন সংরক্ষক ক্ষুব্ধ হন এবং তিনি পরের দিন ২৭ আগস্ট এক চিঠিতে বন বিভাগের মাঠ পর্যায়ে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীগণকে সরকারি পরিপত্র অনুযায়ী ইউনিফরম পরিধান করার বিষয়ে কর্মচারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তাদের নির্দেশ দেন।

এতদ্বসংক্রান্তে সরজমিন অনুসন্ধানে জানা যায়। মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেরা ইউনিফরম পরিধান না করে শুধুমাত্র ফরেস্ট গার্ড, বাগান মালি, নৌকা চালকদের ইউনিফরম পরিধানে তাগিদ দেন। অথচ মাঠ পর্যায়ে ফরেস্ট রেঞ্জার থেকে বাগান মালি পর্যন্ত ইউনিফরম পরিধান করা বাধ্যতামূলক।

বন অধিদপ্তরের ইউনিফরম পরিধানে সতর্কবার্তা বাস্তবায়নে বাধাগ্রস্ত করে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার উদাসীনতা, অতি উৎসাহী, তেলবাজ, চাটুকার, তোষামোদকারীদের আশ্রয় প্রশ্রয় দেয়া। প্রায়ই দেখা যায় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বনাঞ্চল ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করার সময় তার সামনে জিন্স প্যান্ট গেঞ্জি পরিহিত অবস্থায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা পাশে দাঁড়িয়ে খোশ গল্প করছে। বন অধিদপ্তরের সকল কর্মকান্ড বাস্তবায়নের দায়িত্ব নিয়ন্ত্রণকারি কর্তৃপক্ষের। পর্যবেক্ষক মহলের মতে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে এই অসম্ভবকেও সম্ভব করা যায়।