পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের অভিযোগ রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২ ২২:১৬:৪১

ইউক্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় পশ্চিমা গণমাধ্যমগুলো তথ্য সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে তথ্য যুদ্ধ চালাচ্ছে, এতে তথ্য সন্ত্রাসবাদের উপাদান রয়েছে।

লাভরভ গতকাল শুক্রবার আরটি টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, 'যখন গণবিক্ষোভের মতো কিছু ঘটে যা পশ্চিমারা পছন্দ করে না, তারা সেটিকে অবিলম্বে ঘরোয়া সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করে। এটিও একটি যুদ্ধ। আর এ যুদ্ধে তথ্য সন্ত্রাসবাদ জড়িত থাকে এই বিষয়ে কোনো সন্দেহ নেই।'

লাভরভের মতে, বিশ্বব্যাপী তথ্য প্রবাহ আমেরিকান ও ব্রিটিশ মিডিয়া এবং সাধারণভাবে অ্যাংলো-স্যাক্সন বিশ্ব দ্বারা আধিপত্য বিস্তার করেছে। রাশিয়া এখানে একটি শালীন জায়গা দখল করেছে।

লাভরভ জোর দিয়ে বলেন, 'আমরা অনেক আগেই বুঝেছিলাম, স্বাধীন পশ্চিমা মিডিয়া বলে কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু ফক্স নিউজ কিছু বিকল্প দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু আপনি যখন অন্যান্য চ্যানেল দেখবেন, সামাজিক মাধ্যম এবং অনলাইন সংবাদমাধ্যমগুলো পড়বেন আপনি বুঝতে পারবেন যে, এই সেন্সরশিপটি বৃহৎ পরিসরে অব্যাহত রয়েছে।'