দেশের মানুষ গুম-খুন ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরতে চায় না: প্রধানমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ ২১:২৪:০৭

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে। যেন তারা আর ভবিষ্যতে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মডেল খাল খনন কাজ উদ্বোধন শেষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর এই দেশ জোর করে শাসন করেছিল। তিনি বলেন, ১৭ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

তারেক রহমান বলেন, ১৭ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন, তাদের কী আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন? যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে তারা।