১ জুলাই থেকে অভ্যন্তরীণ সকল ফ্লাইট বন্ধ, চলবে আন্তর্জাতিক ফ্লাইট

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে শুরু হওয়া সাত দিনের কঠোর বিধিনিষেধের সময় দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট চালু থাকবে।
বুধবার (৩০ জুন) বিধিনিষেধ-সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল-সম্পর্কিত বিধির উল্লেখ রয়েছে। আকাশপথে চলাচল সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়, সাত দিনের কঠোর বিধিনিষেধকালে অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচলও বন্ধ থাকবে। তবে এ সময়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। বিদেশগামী যাত্রীরা তাঁদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়িতে যাতায়াত করতে পারবেন।
দেশে আজ পর্যন্ত চলমান বিধিনিষেধের আওতায় আকাশপথে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় গন্তব্যে উড়োজাহাজ চলাচল করছে। তবে নতুন বিধিনিষেধের আওতায় আগামীকাল থেকে কেবল আন্তর্জাতিক আকাশপথে ফ্লাইট চলবে।
গত বছরের মার্চে দেশে করোনার সংক্রমণ শুরু হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। করোনার সংক্রমণ আবার বাড়ায় চলতি বছরের ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২১ এপ্রিল থেকে আবার অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক। এখন আবার অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ করা হলো।
