ঢামেকে করোনা ওয়ার্ডের আইসিইউতে অগ্নিকাণ্ড, তিনজনের মৃত্যু

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ ১৫:১২:৩৭  আপডেট :  মার্চ ১৭, ২০২১ ১৫:৫৬:৪৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইসিইউ থেকে স্থানান্তরের সময় তিনজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। মারা যাওয়া রোগীদের কেউ দগ্ধ হননি বলে তিনি জানিয়েছেন।

বুধবার (১৭ মার্চ) সকাল ৮টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়েছে। তবে আইসিইউতে থাকা দু’জন রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন— ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মাদ্রাসাশিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ (৪৮), ৮ নম্বর বেডের কিশোর চন্দ্র রায় (বয়স জানা যায়নি) এবং সরকারি একটি প্রতিষ্ঠানের সাবেক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা (৬৬)। তিনজনই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

পরিচালক নাজমুল হক জানান, আইসিইউতে আগুন লাগার পর ধোঁয়া বের হয়। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা রোগীদের সেখান থেকে বের করে আনেন। হাসপাতালের অন্য আইসিইউতে তাদের স্থানান্তর করা হচ্ছিল। এ সময় রোগীদের মধ্যে তিনজন মারা যান। তবে তারা কেউ আগুনে দগ্ধ হননি।

তিনি জানান, অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে আইসিইউতে থাকা অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।