মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬ ১৯:৫০:৪৮

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন চম্পা আক্তার (সাবেক প্রধান সমন্বয়ক), জহিরুল ইসলাম রবি (সাবেক প্রধান সমন্বয়ক) এবং মাসুদুর রহমান (বর্তমান প্রধান সমন্বয়ক)।

২০১৬ সালের ৩ জুন একজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করা বিডি ক্লিন বর্তমানে ৫৮ হাজারেরও বেশি সদস্য নিয়ে দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, ৭টি নদী এবং ৭৬টি পরিচ্ছন্ন উদ্যান গড়ে তোলার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

সাক্ষাৎকালে মাননীয় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেন এবং এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।