ফ্রান্সের বিপক্ষে সাইবারিকে ছাড়াই মাঠে নামছে মরক্কো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ ১৮:৪৭:৩৩

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে ছাড়াই মাঠে নামবে মরক্কো। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এ ম্যাচে তাকে পাচ্ছে না আফ্রিকার প্রতিনিধিরা।

টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৫ বছর বয়সী সাইবারি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেন তিনি। ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র, স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় এবং হাইতির বিপক্ষে ৪-২ গোলের জয়ে তার গোল ছিল গুরুত্বপূর্ণ। শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারেও সফলভাবে পেনাল্টি আদায় করেন তিনি।

তবে শেষ ষোলোতে যৌথ স্বাগতিক কানাডার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন এই মিডফিল্ডার। সেই চোট থেকেই এখনো পুরোপুরি সেরে উঠতে না পারায় ফ্রান্সের বিপক্ষে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না মরক্কো।

মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওহবি বলেন, “সে এখনো খেলার জন্য প্রস্তুত নয়। তবে আশা করছি, এই টুর্নামেন্টে এটাই তার শেষ নয়।”

উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। এবার কোয়ার্টার ফাইনালে সেই প্রতিপক্ষের বিপক্ষেই নতুন করে লড়াইয়ে নামছে আফ্রিকার দলটি।

জেএএ