‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগানে সাড়া দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৬, ২০২৬ ১৪:২৮:৫০

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সেই পুনর্গঠনের দায়িত্ব সবার। সবার আগে দেশ, দেশটা সবার। আজ শনিবার কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম তার ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করব।’ এ সময় সভায় উপস্থিত জনতার পক্ষ থেকে ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান উঠলে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে তা বাস্তবায়ন হবে।’

এর আগে আজ দুপুর সোয়া ১১টার দিকে তিনি মঞ্চে উঠলে নেতাকর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানিয়েছেন, চাঁদপুর সফরের পথে তিনি এ পথসভায় অংশ নেন।

আজ সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার-ফেস্টুনসহ সভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই লক্ষ্মীপুর বাজার মাঠ হাজারো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

এদিন দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে ‘বিশ্ব খাল’ পুনঃখনন কার্যক্রমের সূচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।