পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখম

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২১ ১৫:০৮:৩৭  আপডেট :  জানুয়ারী ১৫, ২০২১ ১৭:৩৯:৫৩

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করেছে বিদ্রোহী প্রার্থীর লোকজন। আহত দুজন হলেন- আড়ানী পৌর এলাকার ৪ নম্বর নুরনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান (৪৫) ও তার ভাগনে আরিফ হোসেন (৩০)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর গ্রামের এ ঘটনা ঘটে।

আহতদের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মুক্তার আলীর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। আহতদের রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। হামলার শিকার বজলুর রহমান অন্য এক কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করেন।  

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, নৌকার প্রার্থীকে ফোন করে তিনি জানতে পেরেছেন হামলার শিকার ও হামলাকারীরা পরস্পরের আত্মীয়। যাঁরা আহত হয়েছেন, তাঁরা নৌকার সমর্থক। আর যাঁরা হামলা করেছেন, তাঁরা বিদ্রোহী প্রার্থীর সমর্থক। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। মৌখিকভাবে অভিযোগ পেয়ে হামলাকারীদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাড়িতে তাঁদের পাওয়া যায়নি।