চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: মে ২৪, ২০২১ ১০:১০:০৯  আপডেট :  মে ২৪, ২০২১ ১০:১২:৪০

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে গেছে। রোগী শনাক্তের হার ৫৫ শতাংশ। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো জেলায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৭ দিন বাইরের জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে পারবে না এবং জেলা থেকে অন্য কোথাও যেতে পারবে না। অর্থাৎ আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে।

সোমবার বেলা ১২টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

তিনি জানান, সোমবার রাত ১২টার পর থেকে আগামী রোববার পর্যন্ত গোটা জেলা সাত দিনের কঠোর লকডাউন থাকবে। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে।

জরুরি পরিষেবা যেমন- কৃষি উপকরণ, খাদ্যশস্য পরিবহন, কোভিড টিকা, ত্রাণ বিতরণ, গণমাধ্যমকর্মী, ইন্টারনেট লাইন সংযোগ সংশ্লিষ্টরা লকডাউনের আওতার বাইরে থাকবেন।

কঠোর লকডাউনে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক চলাচল করবে। এছাড়া শিল্প কলকারখানার শ্রমিকরা নিজস্ব পরিবহনে যাতায়াত করবেন।

তিনি বলেন, লকডাউন চলাকালীন সব ধরনের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ফার্মেসি খোলা থাকবে। কেউ জরুরি প্রয়োজনে বাইরে গেলে অব্যশই মাস্ক পরিধান করে যেতে হবে। এমনকি জুম্মাসহ পাঁচ ওয়াক্ত নামাজে ২০ জনের বেশি অংশ নিতে পারবেন না।