পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা: বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মে ২৪, ২০২৫ ১৭:৫৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’

শনিবার (২৪ মে) দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপেদষ্টা সাংবাদিকদের এ কথা জানান। তার আগে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়ে বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়।

জরুরি কাজ থাকায় বেলা দুইটার একটু পরে বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে। এ সময় তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে কিছু বলেননি। এর কিছু পরে পররাষ্ট উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বের হতে দেখা যায়।

সভাসূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। একনেক বৈঠক শেষে একে একে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনাসচিবসহ সব সরকারি কর্মকর্তাকে এনইসি কক্ষ থেকে বের হয়ে যেতে দেখা গেছে। চলমান রাজনৈতিক অস্থিরতায় উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

আজ বিকেলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।