সংস্কার করে চলতি বছরে জাতীয় নির্বাচন দেওয়া জরুরী: আমির খসরু 

গোলাম মওলা মুন্না
গোলাম মওলা মুন্না
প্রকাশিত: জানুয়ারী ১২, ২০২৫ ১৮:০২:১৪

‘প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা অত্যন্ত জরুরী’ বলে মনে করে বিএনপি। রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইইউ‘র রাষ্ট্রদূত মাইকেল মিলারে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ ব্রিফিং দলের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ‘‘ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন আছে সেই বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে…একটি হচ্ছে নির্বাচন কবে নির্বাচন হতে যাচ্ছে? আমাদের ভাবনা কি? সংস্কারের ব্যাপরে যে আলোচনা হয়েছে… সেই সংস্কারের ব্যাপারে আমাদের ভাবনা কি? মূলত নির্বাচনের রোডম্যাপ এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে।”

আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলে আসছি, এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরী। অন্য কোনো ভাবনার দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশে আগামীদিনে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

খসরু বলেন, ‘‘ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশিদিন চলতে পারে না। অগণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মবিলাইজেশন প্রসেস থাকে না, জনগনের সাথে সংশ্লিষ্টতা থাকে না। জনগনের কাছ থেকে কোনো ফিটব্যাক পাওয়া যায় না।”

সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি।রোববার বিকাল সাড়ে তিনটায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। প্রায় এক ঘন্টাব্যাপী এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।