নির্বাচন এবং দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত করে সংগঠন করতে হবে- মজনু 

গোলাম মওলা মুন্না
গোলাম মওলা মুন্না
প্রকাশিত: জানুয়ারী ৯, ২০২৫ ২০:১০:৪৫

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আগামী নির্বাচন এবং দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলায়  উপযুক্ত করে আমাদের সংগঠন সাজাতে হবে। কারণ বিএনপি'র বিরুদ্ধে এখন থেকে এক শ্রেণীর রাজনৈতিক দল নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মীকে আজ কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ডে লিপ্ত কাউকে সে যতই শক্তিশালী হোক ক্ষমা করা হবে না। আমরা জানি ব্যক্তির চাইতে দল এবং দেশের স্বার্থ অনেক বড়।

আজ ৯ জানুয়ারী, বৃহস্পতিবার,নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সকলের লক্ষ্য এক হওয়া উচিত। গত  দেড় যুগের আওয়ামী লীগ ও তার দোসরদের লুটপাটে দেশ আজ ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে রাজনৈতিক ঐক্যমত নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। উক্ত সভায় মহানগরের সকল যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।