সাংসদ জাফর আলম এর সহধর্মিণীর সম্পদের অনুসন্ধানে দুদক

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২২ ০৩:৫০:৫০  আপডেট :  আগস্ট ৫, ২০২২ ০৩:৫৩:২৪

পেশায় শিক্ষিকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তিনি। স্বামী একজন সংসদ সদস্য। নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন । এবার দুদকের জালে তিনি। মাদক ব্যবসা, চাঁদাবাজি,সরকারি জমি দখল ও অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এমন অভিযোগের ভিত্তিতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (অনু: ও তদন্ত-৫) খান মো. মাজানুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্মারক পত্রে বলা হয়েছে, শাহেদা বেগমের বিরুদ্ধে সরকারি জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।