টেকনাফে মানবপাচারকারী দুই গ্রুপের গোলাগুলি: গুলিবিদ্ধ ২

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে মানবপাচারকারী দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন মানবপাচারকারী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ দুইজন হলেন, কচ্ছপিয়া ৮ নং ওয়ার্ডের ফরিদ আহমেদের ছেলে হারুনুর রশিদ ও হুমায়ুন রশিদ। গুলিবিদ্ধ দুই সহোদর বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
সুত্রে জানা গেছে, সোমবার (৬ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে বাহারছড়া ইউনিয়নে কচ্ছপিয়া ঘাটে মানবপাচার টাকার লেনদেন নিয়ে নুর হোসেনের ছেলে কেফায়েত উল্লাহ ও তার ভাই আয়াত উল্লাহর সাথে হারুনুর রশীদ ও তার ভাই হুমায়ুন রশীদ এর মধ্যে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায় কেফায়েত উল্লাহ গুলি করে হারুনুর রশীদ ও হুমায়ুন রশীদকে আহত করে উক্ত স্থান হতে পালিয়ে যায়।
পরর্বতীতে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মছিউর রহমান জানান, মানবপাচারকারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মানবপাচারকারীদের কোন ছাড় নয় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
