জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ ১৩:০১:১৩  আপডেট :  আগস্ট ১৬, ২০২১ ০৬:০০:০৯

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান এবং জলবায়ু বিষয়ক গবেষণা ও নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ওশনিক অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের জুলাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম মাস।   

যুক্তরাষ্ট্রে গত ১৪২ বছর ধরে বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড রাখা হচ্ছে। নোয়ার বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে বিশ্বের ভূমি ও সমুদ্রপৃষ্ঠের মিলিত তাপমাত্রা বেড়েছে দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস।

চলতি বছর জুলাই মাসে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে গড় তাপমাত্রা ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন ঘটেছে উল্লেখ করে নোয়ার প্রধান নির্বাহী রিক স্পিনরাড বিবৃতিতে বলেন, ‘এই ক্ষেত্রে (বৈশ্বিক উষ্ণায়ন), প্রথম স্থান অর্জন করা সবথেকে বড় দুঃসংবাদ। বিশ্বজুড়ে যে দ্রুত জলবায়ুর পরিবর্তন ঘটনছে, নতুন এই রেকর্ড তার অন্যতম প্রমাণ।

জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৭০ থেকে ২০২০- ৫০ বছরে বিশ্বের তাপমাত্রা যে গতিতে বেড়েছে, গত ২০০০ বছরে এত দ্রুতহারে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেনি।